স্ত্রীর মোবাইল-ব্যাঙ্ক পাসওয়ার্ড জানার অধিকার নেই স্বামীর! জানিয়ে দিল হাইকোর্ট

সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায়ে স্ত্রীর ব্যক্তিগত পরিসরে স্বামীর হস্তক্ষেপের অধিকার নাকচ করে দিল ছত্তীসগঢ় হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন স্বামী আইনি পথে তার স্ত্রীর ব্যক্তিগত তথ্য, বিশেষ করে মোবাইল বা ব্যাঙ্কের পাসওয়ার্ড জানার অধিকারী নন। একটি রিট পিটিশন মামলার শুনানি শেষে বিচারপতি রাকেশ মোহন পান্ডের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
জানা গেছে, এক ব্যক্তি তার স্ত্রীর কল রেকর্ডিংয়ের তথ্য জানার জন্য প্রথমে পারিবারিক আদালতে আবেদন করেন। সেখানে ব্যর্থ হয়ে তিনি ছত্তীসগঢ় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি রাকেশ মোহন পান্ডে ওই ব্যক্তির সমস্ত দাবি শোনার পর তা খারিজ করে দেন।
বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়েছে, “বিয়ে মানেই স্ত্রীর ব্যক্তিগত পরিধিতে হস্তক্ষেপের অলিখিত অধিকার স্বামীর কাছে চলে যাওয়া নয়। তার মোবাইল ফোন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানার কোনো আইনি অধিকার একজন স্বামীর নেই। এরপরেও যদি সে তা জানার চেষ্টা করেন, তবে এটি সেই মহিলার গোপনীয়তা রক্ষার অধিকারকে লঙ্ঘন করা হবে।” এই রায় স্ত্রীর গোপনীয়তার অধিকারকে শক্তিশালী করল।
প্রসঙ্গত, এই পুরো ঘটনার সূত্রপাত ২০২২ সালে। বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। স্বামীর দাবি ছিল, তার স্ত্রীর আচরণ সম্পূর্ণ বদলে গেছে এবং সে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গেও খুব খারাপ ব্যবহার করছে।
স্বামী তার এই অভিযোগ প্রমাণের জন্যই স্ত্রীর ফোনের তথ্য জানতে চেয়ে প্রথমে পারিবারিক আদালতে আবেদন করেন। সেখানে প্রত্যাখ্যাত হয়ে তিনি হাইকোর্টে যান, কিন্তু সেখানেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হাইকোর্ট স্বামীর রিট পিটিশন খারিজ করে দেয়, যা ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচিত হচ্ছে।