অনির্দিষ্টকালের জন্য স্থগিত অমরনাথ যাত্রা! টানা বৃষ্টিতে নামল ধস, মৃত্যু এক মহিলা পুণ্যার্থীর

একটানা প্রবল বৃষ্টিপাত এবং পাহাড় থেকে নেমে আসা ধসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা। বৃহস্পতিবার (১৭ই জুলাই, ২০২৫) জম্মু ও কাশ্মীর উপত্যকায় এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এক মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

আজ অমরনাথ যাত্রার বালতাল রুটে লাগাতার বৃষ্টির জেরে গান্দেরবাল জেলার অধীনে এক জায়গায় বড় ধরনের ধস নামে। ধসে নেমে আসা পাথরের আঘাতে এক মহিলা পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিনজন পুণ্যার্থী আহত হয়েছেন। এরপরই জম্মু থেকে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অমরনাথ যাত্রার পথেও একাধিক পর্যটক আটকে পড়েছেন। লাগাতার ধস নামার কারণে যাত্রাপথ কার্যত পাথর ও কাদায় অবরুদ্ধ হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে পর্যটকরা কাদার স্রোতে ভেসে যাচ্ছেন। অনেকেই পাশের রেলিং ধরে কোনো রকমে নিজেদের রক্ষা করছেন।

প্রসঙ্গত, গত ৩রা জুলাই এবারের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল এবং আগামী ৯ই আগস্ট যাত্রা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই ২ লক্ষেরও বেশি পুণ্যার্থী পবিত্র অমরনাথ গুহায় দর্শন করেছেন।

ধস নামার খবর পেয়েই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) উদ্ধারকাজে নেমেছে। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) অমরনাথ যাত্রার পথে পাথর সরিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, রাস্তা পুরোপুরি সারাই না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গান্দেরবালের বালতাল রুট ১৪ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তা তুলনামূলকভাবে কম দৈর্ঘ্যের হলেও, এটি অত্যন্ত খাড়া এবং বিপদসংকুল। বৃষ্টির সময় ধসের প্রবণতা এই রুটে বেশি থাকে, যা এবারের ঘটনায় আবারও প্রমাণিত হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুণ্যার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।