মাথায় ২৫ লাখের লোন, মাত্র ৬ টাকাই জীবন বদলে দিল ইটভাটার শ্রমিকের!

এক রাতেই যেন পুরো ভাগ্যচক্র ঘুরে গেল পাঞ্জাবের মোগার বাসিন্দা জসমাইল সিংয়ের। মাত্র ৬ টাকার একটি লটারির টিকিট তাঁকে দিনমজুর থেকে রাতারাতি কোটিপতিতে পরিণত করেছে। এই অবিশ্বাস্য ঘটনায় আনন্দে আত্মহারা জসমাইলের পরিবার এবং স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
জানা গেছে, জসমাইল সিং একটি ইটভাটায় দিনমজুরের কাজ করেন। গতকাল, বুধবার (১৬ই জুলাই, ২০২৫) তিনি ফিরোজপুরের জিরায় গিয়েছিলেন একটি জরুরি কাজে। সেখানেই তিনি ৬ টাকা মূল্যের একটি লটারির টিকিট কেনেন। এর কয়েক ঘণ্টা পরেই তাঁর কাছে একটি ফোন আসে, যা তাঁর জীবনটাকেই বদলে দেয়। ফোন করে জানানো হয়, তিনি ১ কোটি টাকার লটারি জিতেছেন।
জসমাইল সিং জানান, “শর্মাজি ফোন করে আমায় বলেন যে নম্বর চেক করো, তুমি ১ কোটি টাকার লটারি জিতেছো। আমি প্রথমে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। দুপুর ১টা নাগাদ জানতে পারি যে সত্যি সত্যিই লটারি জিতেছি।”
লটারি জেতার খবরটি জসমাইলের পরিবারে পৌঁছাতেই আনন্দের বন্যা বয়ে যায়। তারা মিষ্টি বিতরণ করে, নাচ-গান করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। জসমাইল সিং বলেন, “এই টাকা আমার কাছে কতটা দরকারি, তা বোঝাতে পারব না। এই টাকা দিয়ে আমি ২৫ লক্ষ টাকার ঋণ শোধ করব এবং বাকি টাকা আমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে রেখে দেব।”
উল্লেখ্য, জসমাইল সিংয়ের তিন সন্তান। তাদের মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন। তিনি লটারিতে জেতা এই টাকা সন্তানদের পড়াশোনার খরচ এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ব্যবহার করতে চান। জসমাইলের স্ত্রী বীরপাল কৌরও স্বামীর এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি। তিনি জানান, এই টাকা দিয়ে তারা সন্তানদের চাহিদা পূরণ করতে পারবেন। জসমাইলের এই আকস্মিক ভাগ্য পরিবর্তন বহু মানুষের মনে আশার সঞ্চার করেছে।