নকল পারমিট নিয়ে ভিনরাজ্য থেকে এসে বাংলায় ঢোকার চেষ্টা! বীরভূমে আটক উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের বাস

নকল পারমিট নিয়ে ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করার চেষ্টার অভিযোগে তারকেশ্বরগামী উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের একটি বাস বীরভূমের মল্লারপুরে আটক করল জেলা পরিবহণ দফতর। বুধবার দুপুরে মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে কিষাণ মাণ্ডিতে বাসটি আটকানো হয়। বেশ কয়েক ঘণ্টা আটকে থাকার পর গভীর রাতে মুচলেকা লিখিয়ে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ওই বাসটিতে পুরুষ, মহিলা ও শিশু-সহ মোট ৬০ জন পুণ্যার্থী তারকেশ্বরের উদ্দেশে যাচ্ছিলেন। জেলা পরিবহণ দফতরের অভিযোগ, বাসটির বৈধ পারমিট ছিল না। এই কারণে বাসটি আটকানো হলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
সন্ধ্যার দিকে বাস আটকে রাখার খবর স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছায়। এরপর যাত্রীদের সঙ্গে নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। মল্লারপুর মণ্ডল সভাপতি প্রশান্ত বাগদী বলেন, “ডালখোলার কাছে বাসটি পারমিট কাটে। কিন্তু সেই পারমিট নকল। বাসযাত্রীদের কাছে দেওয়ার মতো বাড়তি টাকা ছিল না, তাই তাঁরা টাকা দিতে পারেননি। সে কারণে বাসটি আটকে দেওয়া হয়। এর ফলে পুণ্যার্থীরা চরম ভোগান্তির শিকার হন।”
বিজেপি নেতা শ্যামল বন্দ্যোপাধ্যায় জানান, “পুণ্যার্থীদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন। তাঁদের পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি। খবর পেয়ে আমরা খাবার জোগাড় করে নিয়ে যাই। পরিবহণ দফতরের কাছে তাঁদের ছেড়ে দেওয়ার দাবি করি। কিন্তু না দেওয়ায় পথ অবরোধ করতে বাধ্য হই।”
পরে গভীর রাতে পরিবহণ দফতর একটি মুচলেকা লিখিয়ে বাসটিকে ছেড়ে দেয়, যার পর পুণ্যার্থীরা তারকেশ্বরের পথে রওনা দেন।