তথ্যপ্রমাণ জোগাড়ে ব্যর্থ পুলিশ, গণধর্ষণ কাণ্ডে বেকসুর খালাস পেলেন ৩ অভিযুক্ত

২০১৪ সালের কড়েয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তিন জনকেই বেকসুর খালাস করল আলিপুর আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়, যেখানে বলা হয়েছে যে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। অভিযোগ উঠেছিল, এক রাতে রুটি কিনতে বেরিয়েছিলেন এক মহিলা। সেই সময় শাহাজাদা বক্স, জামাল উর রহমান এবং আকবর খান নামে তিন দুষ্কৃতী তাঁকে বন্দুক দেখিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে পালা করে ধর্ষণ করে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে আর কোনো দৃঢ় তথ্যপ্রমাণ জোগাড় করতে পারেনি।

আদালত এদিন তাদের রায়ে স্পষ্ট জানিয়েছে যে, যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, সেই গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করতে পারেনি। এমনকি, ঘটনায় ব্যবহৃত বন্দুকটিও বাজেয়াপ্ত করা যায়নি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঠিক কোথায় ধর্ষণের ঘটনা ঘটেছিল, তা-ও পুলিশ নির্দিষ্ট করে আদালতকে জানাতে পারেনি। পর্যাপ্ত প্রমাণের অভাবে শেষ পর্যন্ত তিন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেওয়া হয়।

প্রসঙ্গত, কড়েয়া কাণ্ডের নির্যাতিতা একটি পৃথক ধর্ষণের মামলায় সাক্ষী ছিলেন। অভিযোগ উঠেছিল, তিনি যাতে আদালতে উপস্থিত না হন, তার জন্যেই তাঁকে ভয় দেখাতে এই গণধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল। কিন্তু পুলিশের ত্রুটিপূর্ণ তদন্তের কারণে শেষ পর্যন্ত অপরাধীরা শাস্তি পেল না।