‘লক্ষ্মীর ভাণ্ডারের’-টাকা সরিয়ে ভরছিলেন নিজের পকেটে? গ্রেপ্তার পুরসভার চুক্তিভিত্তিক কর্মী

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘লক্ষ্মী ভাণ্ডার’-এর টাকা তছরুপ ও আত্মসাতের অভিযোগে কলকাতা পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেপ্তার করল মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম উমেশ কুমার দাস। অভিযোগ, প্রায় ৩৬ মাস ধরে অর্থাৎ তিন বছর ধরে তিনি এই প্রকল্পের অর্থ নয়ছয় করে আসছেন।
কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী উমেশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যায়। এর জন্য আবেদনকারীকে নির্দিষ্ট নথি পূরণ করে আবেদন জমা দিতে হয়। অভিযোগ উঠেছে, ফর্ম পূরণের সময় আবেদনকারীদের আসল অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হতো। তার পরিবর্তে একটি অন্য অ্যাকাউন্ট, যা প্রতারকদেরই নিয়ন্ত্রণাধীন, সেটি বসিয়ে দেওয়া হতো। পুলিশের সন্দেহ, এই প্রতারণা চক্রের অন্যতম মাথা হলেন উমেশ।
পুলিশ এখন সেই অ্যাকাউন্টগুলির হদিশ পেতে চাইছে, যেখানে প্রকৃত ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রাপকদের অর্থ না গিয়ে প্রতারকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। একইসঙ্গে, এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তদন্তকারীরা তাঁদের নাম সামনে আনতে চাইছেন। পুলিশ মনে করছে, উমেশকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই অভিযুক্তকে মুচিপাড়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।