বাংলাদেশের উপহারের ইলিশ এলো বিপুল পরিমানে, পেয়ে উচ্ছ্বসিত বাঙালিরা

পূজার উপহার হিসেবে বাংলাদেশের পাঠানো ইলিশ পেয়ে খুশিতে ভাসছেন ভারতীয়রা। পূজার আগে এ ইলিশ ভারতীয়দের আনন্দের মাত্রা যে বাড়িয়ে দিয়েছে তা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ পৌঁছেছে পশ্চিমবঙ্গ প্রদেশে। হাওড়ার পাইকারি বাজারে মঙ্গলবার ভোরে এসেছে ঐ ইলিশ। তার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পূজার ‘উপহার’ হিসেবে এ রাজ্যে পদ্মার ইলিশ এলো বাংলাদেশ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগেই সে দেশের সরকারের পক্ষ থেকে ইলিশ রফতানিতে সবুজ সংকেত দেওয়া হয়। সোমবার থেকে শুরু হয়েছে শেখ হাসিনার চারদিনের ভারত সফর। তার ঠিক পরদিনই হাওড়ার পাইকারি বাজারে এসেছে সাড়ে আট মেট্রিক টন পদ্মার ইলিশ।
পশ্চিমবঙ্গের বাজারে আসা এ ইলিশের দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে। পাইকারি বাজারে কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়। পদ্মার ইলিশ পেয়ে খুশি ক্রেতারা। অনেককেই জোড়া ইলিশ কিনে বাড়ি ফিরতে দেখা গেছে।
২০১২ সালে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। তারপর থেকে কলকাতার বাজারে পদ্মার ইলিশ যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু গত তিন বছর ধরে দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানিতে সম্মতি দিচ্ছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
গত রোববার রাজ্যের ‘ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশন’র কাছে একটি চিঠি পৌঁছেছে। এতে বলা হয়, চলতি বছরে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে রফতানির জন্য অনুমতি দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে। ভারতীয় মৎস্য-ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাছ আমদানির কাজ সম্পূর্ণ করতে হবে।
সেই অনুযায়ী, মঙ্গলবার থেকে হাওড়ার পাইকারি বাজারে ইলিশ মাছ আসা শুরু হয়েছে। মৎস্য ব্যবসায়ী সূত্র বলছে, এখন থেকে প্রতিনিয়ত বাংলাদেশের ইলিশ ঢুকবে হাওড়ার পাইকারি বাজারে।