মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার জনপ্রিয় অভিনেত্রী, টলিউড করছে সুস্থতার কামনা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’র ‘রাঙা কাম্মা’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বর্তমানে তিনি মিশনারিস অফ চ্যারিটিতে আশ্রয় পেয়েছেন। খন্দকার থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সম্প্রতি বর্ধমানের একটি এলাকায় সুমিকে দিশাহীনভাবে রাস্তায় ঘুরতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয়ের জন্য তিনি এক জায়গায় দাঁড়ান। স্থানীয়রা তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি একজন অভিনেত্রী। তবে তাঁর ঠিকানা জানতে চাইলে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর উত্তর দিতে শুরু করেন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের তত্ত্বাবধানে তাঁকে মিশনারিস অফ চ্যারিটিতে রাখা হয়।
সুমি হর চৌধুরী দীর্ঘদিন ধরে অভিনয় জগতে যুক্ত ছিলেন। বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি মঞ্চ নাটকেও নিয়মিত কাজ করতেন। ২০২৫ সালের জানুয়ারিতেও তিনি একটি নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে কী কারণে তিনি বর্ধমান গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।
তাঁর পরিবার বলতে রয়েছে একমাত্র মেয়ে, যার সঙ্গেও তাঁর সম্পর্ক নেই বললেই চলে। মায়ের সঙ্গেও দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই তাঁর। অভিনেত্রী টলিউডে কাজ করলেও কারো সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়নি, ফলে কেউ খোঁজও রাখছিলেন না তিনি কোথায় আছেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, সুমি নাকি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশায় আসক্ত ছিলেন, যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
ছোট পর্দার এই পরিচিত মুখের এমন পরিণতিতে হতবাক তাঁর সহকর্মীরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাজ না থাকলে কি শিল্পীরা এভাবে মূল্যহীন হয়ে পড়েন? বিনোদন দুনিয়ায় কি সত্যিই বন্ধুত্ব টিকে থাকে না?
অভিনেত্রী বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। তবে মানসিক অবস্থার উন্নতির জন্য তাঁর পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। আপাতত পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় সুমি মাথার উপর ছাদ পেয়েছেন। তবে কী কারণে তিনি এমন অবস্থায় পৌঁছালেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এর আগেও কাজের অভাবে মানসিক চাপে ভেঙে পড়তে দেখা গেছে বিনোদন দুনিয়ার বহু তারকাকে। কেউ লড়াই চালিয়ে যাচ্ছেন, কেউ আবার একেবারে দূরে সরে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। সুমির এই অবস্থার জন্য সত্যিই কি কাজের অভাব দায়ী, নাকি ব্যক্তিগত জীবনের কোনো অস্থিরতা? উত্তর এখনও মেলেনি। তবে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে তাঁর ভক্তরা।
এই ঘটনা বিনোদন জগতের শিল্পীদের মানসিক স্বাস্থ্য এবং কাজের অনিশ্চয়তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।