পুরুলিয়ায় তুমুল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি…! চোখের নিমিষে শেষ একই পরিবারের তিন সদস্য

টানা প্রবল বৃষ্টির জেরে পুরুলিয়া শহরের একাধিক জায়গা যখন জলমগ্ন, তখন এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন শবর জনজাতির তিন সদস্য। মঙ্গলবার ভোররাতে পুরুলিয়ার তামনা থানার অন্তর্গত ভান্ডার পুয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের রমাইগাড়া গ্রামে একটি মাটির বাড়ি ধসে পড়লে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একই পরিবারের তিনজনের মৃত্যু এবং আরও তিনজনের আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোররাতে বিপর্যয়, নিমেষেই সব শেষ
জানা গেছে, প্রবল বর্ষণের ফলে মঙ্গলবার ভোররাতের দিকে একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভেতরে ছয়জন সদস্য ঘুমিয়ে ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, তাদের মধ্যে তিনজন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মৃত তিনজনের নাম মিনতী শবর, রিমঝিম শবর ও গৌতম তাঁতি।
বাকি তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম মানিক শবর, ভালু শবর ও একটি শিশু। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চাকোলতোড় ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশের তৎপরতা, ময়নাতদন্তের নির্দেশ
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃষ্টিতে বিধ্বস্ত পুরুলিয়া: উদ্বেগ বাড়াচ্ছে পর পর দুর্ঘটনা
প্রতিনিয়ত প্রবল ঝড়-বৃষ্টির কারণে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কোথাও মাটির বাড়ি ধসে যাচ্ছে, আবার কোথাও রাস্তায় ধস নামছে, কোথাও দেখা যাচ্ছে ব্রিজ ভেঙে পড়ছে। মাটির বাড়ি ধসে অকালে তিনজনের প্রাণহানি জেলার বর্তমান বিপদজনক পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে।
এই ঘটনাকে ঘিরে গোটা রমাইগাড়া গ্রাম এবং সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ঝুঁকিপূর্ণ মাটির বাড়িগুলোর বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে পুরুলিয়ার অন্যান্য মাটির বাড়ির বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।