ChatGPT-Google AI-এর ঘুম কাড়তে আসছেন ইলন মাস্ক! আসছে ‘PHD লেভেলের’ Grok 4!

সিলিকন ভ্যালি: কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এবার এক বিস্ফোরক ঘোষণা করলেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। তাঁর এই ঘোষণা যদি সত্যিই বাস্তবে রূপ নেয়, তাহলে চ্যাটজিপিটি বা গুগল এআই-এর মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলো রীতিমতো বিরাট চাপে পড়তে চলেছে। মাস্ক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর নতুন এআই ‘গ্রক ৪’ (Grok 4) খুব শীঘ্রই বাজারে আসছে!

কিন্তু কেমন হবে এই গ্রক ৪? মাস্কের দাবি শুনে চোখ কপালে উঠতে পারে অনেকেরই! তিনি বলছেন, এই নতুন এআই একজন গ্র্যাজুয়েট পাস বা এমনকি পিএইচডি স্তরের পড়াশোনা করা কোনও ব্যক্তির মতোই স্মার্ট হবে। মাস্কের আরও বিস্ফোরক মন্তব্য, গ্রক ৪ সমস্ত সমস্যার সমাধান করে দেবে! এমনকি, যে সব প্রশ্নের উত্তর কোনো বইতেও নেই, সেই সব প্রশ্নের উত্তরও অনায়াসে দিতে পারবে এই গ্রক ৪।

ইলন মাস্কের আত্মবিশ্বাস এতটাই যে, তিনি দাবি করেছেন, এখনও পর্যন্ত বাজারে যত এআই (AI) মডেল রয়েছে, তাদের প্রত্যেককে ‘বলে বলে দশ গোল’ দেবে গ্রকের এই নতুন সংস্করণ। গ্রক তার নিজের যে কাজ, তা ভালোভাবে করতে পারবে বলে দৃঢ়ভাবে আশাবাদী মাস্ক। এবং গ্রক যে আগামীতে তাঁকে গর্বিত করবে, তা নিয়ে তিনি যেন এখন থেকেই নিশ্চিন্ত।

ইলন মাস্কের এই ঘোষণা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে। চ্যাটজিপিটি এবং গুগল এআই-এর মতো জায়ান্টরা যখন তাদের ক্ষমতা বাড়াতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই মাস্কের এই ‘পিএইচডি লেভেলের’ গ্রক ৪ তাদের জন্য কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, সেটাই এখন দেখার বিষয়। প্রযুক্তি বিশ্বের নজর এখন মাস্কের এই নতুন ‘ব্রহ্মাস্ত্র’ গ্রক ৪-এর দিকে।