OMG! পাতে কম দেওয়া হয়েছিল চিকেন, রেগে গিয়ে বন্ধুকেই খুন করলো যুবক

সামান্য বেশি চিকেনের টুকরো না পাওয়ার জেরে বচসা থেকে হাতাহাতি, আর শেষমেশ বন্ধুর হাতেই খুন হলেন আরেক বন্ধু। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। সদ্য বিবাহিত অভিষেক কোপ্পাড়ের ডিনার পার্টিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে।

মৃতের নাম বিনোদ, এবং অভিযোগ উঠেছে তাঁরই বন্ধু ভিত্তাল তাকে খুন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, চিকেন পরিবেশন নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে তীব্র ঝামেলা শুরু হয়। এই ঝামেলা দ্রুত হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে রাগের বেরে ভিত্তাল বিনোদকে ছুরিকাঘাত করে। ছুরিটি বিনোদের পাকস্থলীতে আঘাত করে, এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।

ঘটনার তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “ঝামেলার সূত্রপাত হয় খেতে বসার পর পরই। একজন খাবার পরিবেশন করছিলেন। ভিত্তাল বেশি চিকেন চেয়েছিল, কিন্তু অভিযোগ যে তাকে কম দিয়ে বিনোদকে বেশি দেওয়া হয়। তখনই দুই বন্ধু ঝামেলায় জড়িয়ে পড়ে।” পুলিশ আরও জানিয়েছে যে, ঘটনাস্থলে উপস্থিত সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় রাগের বশে ভিত্তাল হাতের কাছে থাকা একটি ছুরি দিয়ে বিনোদের উপর হামলা চালায়, যা বিনোদের পাকস্থলীতে বিদ্ধ হয়।

বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ এই ঘটনা সম্পর্কে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। চিকেনের পিস নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, তারপরই এই খুন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে তুচ্ছ কারণে সহিংসতা ও খুনের ঘটনা সামনে আসছে। প্রায় একই রকম একটি ঘটনা কেরলের কোল্লামে দেখা গেছে, যেখানে এক রেস্তোরাঁর কর্মচারী পরোটা পরিবেশন করতে অস্বীকার করায় দুজন ব্যক্তি তাকে মারধর করে। চলতি মাসের শুরুতে বেঙ্গালুরুর একটি ক্যাফেতে অতিরিক্ত কফি কাপ দিতে অস্বীকার করায় চারজন ব্যক্তি একজনকে নির্মমভাবে মারধর করেছিল বলেও অভিযোগ উঠেছে। এই ধরনের ঘটনাগুলি সমাজে অসহিষ্ণুতার ক্রমবর্ধমান চিত্র তুলে ধরছে।