শুভাংশু কবে পৃথিবীতে ফিরছেন? মহাকাশ থেকে ভারতীয়দের দিলেন আবেগঘন বার্তা

দীর্ঘ চার দশক পর মহাকাশে ভারতীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করে, ১৮ দিনের সফল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) অভিযানের পর অবশেষে সোমবার (১৪ জুলাই) পৃথিবীর পথে পাড়ি দিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রওনা হওয়ার আগে মহাকাশ থেকেই তিনি দেশবাসীকে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যা ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিদায়ী অনুষ্ঠানে শুভাংশু শুক্লা বলেন, “চার দশক আগে একজন ভারতীয় মহাকাশে গিয়েছিলেন। তিনিও জানিয়েছিলেন যে, আকাশ থেকে ভারতকে কেমন দেখায়। আর আজ আমিও বলছি… আজকের ভারত উচ্চাকাঙ্ক্ষী, ভয়ডরহীন, আত্মবিশ্বাসী আর আত্মমর্যাদায় পরিপূর্ণ। তাই আবারও বলছি, আজও ভারত ‘সারে জাঁহা সে আচ্ছা’।” এই মুহূর্তকে তিনি তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, “আমার এই যাত্রা শেষের পথে। কিন্তু আমাদের মহাকাশ গবেষণার যাত্রা চলতে থাকবে। এই পথ দীর্ঘ ও কঠিন। তবে আমি নিশ্চিত, ইচ্ছাশক্তি থাকলে যে কোনও অসাধ্য সাধন সম্ভব।”

মহাকাশে গবেষণা ও বিশ্বজোড়া সংযোগ:
গত প্রায় আড়াই সপ্তাহ ধরে শুভাংশু শুক্লা মহাকাশে থেকে বিভিন্ন গবেষণা কার্য পরিচালনা করেছেন। মহাকাশে তাঁর সঙ্গীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এখানে আসার পরে শুধু বিজ্ঞানচর্চা নয়, বিশ্বজুড়ে মানুষের সঙ্গে এক যোগসূত্র স্থাপন করেছি। সময় পেলে পৃথিবীর দিকে তাকিয়েছি। এককথায় জাদুকরী অনুভূতি। এই মিশনের প্রভাব শুধুই বিজ্ঞানে সীমাবদ্ধ নয়। যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একসঙ্গে একটা লক্ষ্য নিয়ে কাজ করে, তখন যা সম্ভব হয়, সেটা নিজের চোখে দেখেছি।”

পৃথিবীর পথে যাত্রা:
সোমবার সন্ধ্যা ৪:৩৫ মিনিটে (ভারতীয় সময়) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের হারমোনি মডিউলের ফরোয়ার্ড ফেসিং পোর্ট থেকে শুভাংশু শুক্লার যান ডিট্যাচ হবে। অ্যাক্সিয়ম-৪ মিশনের আরও তিন সদস্য তাঁর সঙ্গে স্পেস-এক্সের ড্রাগন ক্যাপসুলে করে ফিরবেন। অবতরণ হবে ক্যালিফোর্নিয়া উপকূলে।

পৃথিবীতে ফিরতে প্রায় ২২.৫ ঘণ্টা সময় লাগবে। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতীয় সময় দুপুর ৩টায় ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’-এর মাধ্যমে তাঁর মহাকাশের সফর শেষ হবে। স্পেস-এক্স জানিয়েছে, ড্রাগন ক্যাপসুল প্রথমে পৃথিবীকে কেন্দ্র করে পাক দিতে দিতে কক্ষপথ ছোট করবে, তারপর একসময় পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে প্রবেশ করবে।

একাধিক গবেষণা ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথন:
শুভাংশু শুক্লাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় এবং গত ৪১ বছরে তিনিই ভারতের প্রথম মহাকাশচারী। তাঁর অভিযানের প্রাথমিক আয়ু ১৪ দিনের থাকলেও, আবহাওয়া ও অন্যান্য কারণে তাঁকে আরও কিছুদিন মহাকাশে থাকতে হয়। এই সময়ে তিনি ভারতীয় গবেষণা সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রস্তাবিত বেশ কিছু মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং রেডিও মারফত স্কুল-কলেজের ছাত্রদের সঙ্গেও কথোপকথন করেছেন।

এই অ্যাক্সিয়ম-৪ মিশনে ৩১টি দেশের ৬০টি বৈজ্ঞানিক গবেষণার কাজ সম্পন্ন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড, হাঙ্গেরি, সৌদি আরব, ব্রাজিল, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি-সহ ইউরোপের একাধিক দেশের গবেষণা এই তালিকায় ছিল।

প্রত্যাবর্তন পরবর্তী রিহ্যাবিলিটেশন:
পৃথিবীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুভাংশু শুক্লার শারীরিক রিহ্যাব প্রোগ্রাম শুরু হবে, যা প্রায় এক সপ্তাহ ধরে চলবে। ওজনহীন পরিবেশ থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণে শরীরকে পুনরায় মানিয়ে নেওয়ার জন্য তাঁকে বিশেষ চিকিৎসক টিমের নজরদারিতে থাকতে হবে। তাঁর এই সফল মিশন ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন প্রেরণা যোগ করল।