DVC-৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে, জেনেনিন কোন কোন জেলায় হতে পারে বন্যা?

একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে রাজ্য সরকারকে না জানিয়েই দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর বিশাল পরিমাণ জল ছাড়ায় দক্ষিণবঙ্গে ফের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ডিভিসি ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে, যা নিয়ে রাজ্যের সেচ দফতর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, পূর্ব সতর্কতা ছাড়াই জল ছাড়ায় হাওড়া, হুগলি, বাঁকুড়া সহ একাধিক জেলায় নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্রের খবর, সেচ দফতরের পাঠানো এক কড়া ই-মেলে ডিভিসিকে প্রশ্ন করা হয়েছে, কেন পাঞ্চেত জলাধারের জলস্তর ৪১১ ফুটের আশেপাশে থাকা সত্ত্বেও এই জল ছাড়া হলো। উল্লেখ্য, এই জেলাগুলির অনেক জায়গা সম্প্রতি বন্যায় জর্জরিত ছিল, যেখানে এখনও পুনর্গঠনের কাজ চলছে। নতুন করে জল ছাড়ার ফলে সেই কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করছে রাজ্য সরকার।

এর আগেও রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দেওয়ায় দক্ষিণবঙ্গে ‘ম্যানমেড বন্যা’র পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ এবং ২০২১ সালের ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি এবং অতিরিক্ত জল ছাড়া একসঙ্গে হলে ফের ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে ডিভিসিকে জল ছাড়ার আগে বাধ্যতামূলকভাবে রাজ্যের সঙ্গে আলোচনায় বসতেই হবে। অন্যথায় এই ধরনের একতরফা সিদ্ধান্ত বড়সড় বিপর্যয় ডেকে আনবে বলেই হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। এই পরিস্থিতিতে ডিভিসি এবং রাজ্য সরকারের মধ্যে জল ছাড়া নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।