Weather: বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, জেনেনিন আগামী ৭ দিন বাংলার কোথায়-কেমন বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:

  • রবিবার: দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
  • সোমবার: পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • মঙ্গলবার: নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
  • বুধবার: প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:

  • রবিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • সোমবার: দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • মঙ্গলবার: দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

বিশেষ সতর্কতা:

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষকে আবহাওয়ার খবরাখবর মেনে চলতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।