বিশেষ: কুমড়ো দিয়ে নৌকা তৈরী করে ৩৮ মাইল পাড়ি, বিশ্ব রেকর্ড গড়েছেন যুবক

কুমড়োর নৌকায় ভেসে টানা ১১ ঘণ্টায় মিসৌরি নদীতে ৩৮ মাইল পাড়ি দিয়ে রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন মার্কিন নাগরিক ডুয়ানে হ্যানসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার ‘মিশন পাম্পকিন বোট’ এর ভিডিও। খবর সিএ স্পোর্টসের।

যুক্তরাষ্ট্রের নেব্রেসকার বাসিন্দা ডুয়ানে হ্যানসেন যে নৌকা বানিয়েছেন তা কুমড়োর খোলে তৈরি। তার এই মিশন ছিল মিসৌরি নদীতে। এর আগের রেকর্ডটি ছিল ২৫ দশমিক ৫ মাইল পাড়ি দেয়া। স্রোতের মাঝে টানা ১১ ঘণ্টা ভেসে থেকে ৩৮ মাইলের ভ্রমণ যে খুব সহজ কোনো কাজ ছিল না, সেটা বলা বাহুল্য।

হ্যানসেন বলেন, নদীতে ৩৮ মাইল পাড়ি দিয়েছি। একবারও দাঁড়াইনি। এখনও হাঁটুতে ব্যথা। আর হয়তো এই চেষ্টা করবো না। অন্য কেউ যদি রেকর্ড ভাঙে তবে তাকে অবশ্যই অভিবাদন জানাবো। কারণ, এটা খুবই কঠিন।

হ্যানসেনের রাইডের সঙ্গী কুমড়োটি কিন্তু তার নিজের বাগানের। তার স্ত্রী ৩৮৪ কেজি ওজনের কুমড়োটির নাম রেখেছেন বেরটা।

হ্যানসেন বলেন, কখনও ভাবিনি এমন কিছু করবো। এর আগে কুমড়ো নিয়ে নদীতে নামিনি পর্যন্ত। ভাগ্য সহায় ছিল। নিজের গাছে এত বড় কুমড়ো হয়েছে যে, এটাই ছিল গর্বের বিষয়। ভেবেছি কুমড়ো নিয়ে ভেসে থাকা দারুণ কিছু হবে।

গত শনিবার নিজের ৬০তম জন্মদিনে মজার কিছু করার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিলেন হ্যানসেন। সকাল সাড়ে সাতটায় রওয়ানা দিয়ে নেব্রেসকায় ফেরেন সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন ‘মিশন পাম্পকিন বোট’এর ছবি, ভিডিও। আর খুব দ্রুতই তার এসব ছবি-ভিডিও আলোড়ন তোলে নেটিজেনদের মাঝে।