মাছ বিতর্কের পর এবার মাংস বিতর্ক? শ্রাবণ মাস জুড়ে বন্ধ থাকবে মাংসের দোকান? জোর জল্পনা

মাছ বিতর্কের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে শুরু হয়েছে নতুন বিতর্ক—এইবার মাংসকে কেন্দ্র করে। সূত্রের খবর, শ্রাবণ মাস জুড়ে কানওয়ার যাত্রার রুটে বন্ধ রাখা হতে পারে মাংসের দোকান। তবে এখনো পর্যন্ত এ নিয়ে সরকারি ঘোষণা হয়নি, শুধুই প্রাথমিক স্তরে চলছে পরিকল্পনা।

কেন এই সিদ্ধান্ত?
প্রতিবছর শ্রাবণ মাসে হরিদ্বার থেকে গঙ্গাজল সংগ্রহ করে পায়ে হেঁটে নিজের এলাকায় ফিরেন শিবভক্ত কানওয়ারিরা। এই সময় দিল্লি সহ বিভিন্ন রাজ্যে চলে ‘কানওয়ার যাত্রা’। সেই যাত্রাপথে ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে এবং আইন-শৃঙ্খলার দিক মাথায় রেখেই যাত্রার রুটে মাংসের দোকান বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে, বলে সূত্রের দাবি।

উত্তরপ্রদেশেও বিতর্ক
এ ধরনের বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেই উত্তরপ্রদেশে যোগী সরকারের এক নির্দেশ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। সেখানে কানওয়ার যাত্রার পথে থাকা দোকানগুলোর মালিকদের নাম ও পরিচয় সাইনবোর্ডে ঝুলিয়ে রাখতে বলা হয়েছিল। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়। AIMIM সাংসদ আসাউদ্দিন ওয়াইসি অভিযোগ করেন, “দোকানদারদের ধর্ম জানাতে বাধ্য করা হচ্ছে, এমনকী তাঁদের পোশাক খুলিয়ে পরিচয় যাচাই করা হচ্ছে।”

চিত্তরঞ্জন পার্কে মাছ বিতর্ক
এর আগে দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকায় মাছ বাজার ঘিরেও উত্তেজনা ছড়িয়েছিল। কালী মন্দিরের কাছাকাছি বাজার বসায় একটি হিন্দু সংগঠন সেখানে মাছ বিক্রিতে আপত্তি তোলে। ব্যাপক সমালোচনার মুখে সেই বিতর্ক শেষ পর্যন্ত শান্ত হয়, এবং মাছ বিক্রি চালু থাকে।