ডাক্তারি রেজিস্ট্রেশন পুনরায় কার্যকর হতেই ক্ষোভ উগড়ে দিলেন শান্তনু! ফাঁস করলেন অনেক কথা…

ডাক্তার হিসেবে ফের কাজ করতে পারবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও চিকিৎসক শান্তনু সেন। তাঁর চিকিৎসা পেশার উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তা সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে, ডাক্তারি রেজিস্ট্রেশন পুনরায় কার্যকর হল শান্তনুর।
গত ৩ জুলাই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করে দেয়। অভিযোগ ছিল, তিনি নিজের নামের সঙ্গে “FRCP (Glasgow)” ডিগ্রি ব্যবহার করছিলেন, যা প্রকৃতপক্ষে ‘অনারারি’ এবং চিকিৎসা পেশায় প্রফেশনাল যোগ্যতা হিসেবে লেখা যায় না।
এই অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শান্তনু সেন কলকাতা হাইকোর্টে মামলা করেন।
সোমবার আদালত সেই নির্দেশ খারিজ করে দেয়। বিচারপতির মন্তব্য, কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথাযথ ন্যায্য প্রক্রিয়া মেনে হয়নি। ফলে শান্তনু সেন আপাতত চিকিৎসক হিসেবে তাঁর পেশা চালিয়ে যেতে পারবেন।
রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু সেন বলেন,“সত্যের জয় হয়েছে। রাজনৈতিক চাপে পড়েই আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি নির্দোষ, সেটাই আদালতে প্রমাণিত হল।”
তাঁর দাবি, এই পদক্ষেপ তাঁকে ব্যক্তিগত ও পেশাগতভাবে কালিমালিপ্ত করতে চেয়েছিল একটি গোষ্ঠী। তবে এখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও মেডিকেল কাউন্সিলের তরফে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা এখনও জানানো হয়নি।