“কসবা কাণ্ডে মমতা এখনও নীরব কেন?” রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অধীর

কসবা আইন কলেজ কাণ্ডে ফের মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।
“কলেজে কলেজে পুলিশ মোতায়েন করতে হচ্ছে—এটাই রাজ্যের চূড়ান্ত ব্যর্থতা,” বলেন অধীর। তাঁর বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে নিরাপত্তার আশ্রয়, সেখানে যদি ছাত্রছাত্রীদের রক্ষা করতে পুলিশ রাখতে হয়, তাহলে তা সরকারের প্রশাসনিক অক্ষমতারই পরিচায়ক।
তিনি সরাসরি প্রশ্ন তোলেন,”কসবা কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নীরব কেন? রাজ্যের মেয়েরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না। কেন এই নীরবতা?”
অধীর রঞ্জনের অভিযোগ, এই ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে তৃণমূলের লাগামছাড়া নিয়ন্ত্রণ ও গোষ্ঠী দাপটের জ্বলন্ত উদাহরণ। তিনি আরও বলেন, কসবা কাণ্ডে যারা অভিযুক্ত, তাদের রাজনৈতিক যোগাযোগ ও মদতের বিষয়টি স্পষ্ট, এবং তা থেকেই বোঝা যায় রাজ্য প্রশাসনের নির্লিপ্ততা কোথায় পৌঁছেছে।
শেষে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন,”এই ঘটনায় দোষীদের আড়াল করা হলে রাজ্যজুড়ে ছাত্র-যুব সমাজের ক্ষোভ ফেটে পড়বে। আমরা চুপ করে থাকব না।”