‘একাধিক কলেজে TMC ছাত্র নেতাদের কীর্তি!’ বিস্ফোরক দাবী BJP মুখপাত্র দেবজিৎ সরকারের

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের নেতাদের বিরুদ্ধে সরব বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বিস্ফোরক অভিযোগ এনে বলেন, “একাধিক কলেজে বেআইনিভাবে নিয়োগ চলছে। অশিক্ষক কর্মী থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মচারী—সব জায়গাতেই তৃণমূল ঘনিষ্ঠদের বসানো হচ্ছে।”
দেবজিৎ সরাসরি অভিযোগ করেন, “তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের ছত্রছায়ায় চলছে এই অবৈধ নিয়োগের খেলা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন তৃণমূলের ক্ষমতা কুক্ষিগত করার কেন্দ্রে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “একজন তৃণমূল যুব নেতা—সার্থক বন্দ্যোপাধ্যায়—অল্প সময়ের মধ্যে ধনকুবেরে পরিণত হয়েছেন। কলকাতার একাধিক জায়গায় তাঁর নামেই সম্পত্তি রয়েছে। এই উত্থান ‘স্বাভাবিক’ নয়। ওই যুবনেতা দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেস সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও দাবি দেবজিতের।”
এছাড়া, দেবজিতের দাবি, কলেজে নিয়োগের নামে বড়সড় আর্থিক দুর্নীতির ছক কষা হচ্ছে, যার বিরুদ্ধে দ্রুত তদন্ত চাইছে বিজেপি। তাঁর কথায়, “এই বেআইনি নিয়োগ বন্ধ না হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা একদিন ধ্বংসের মুখে পড়বে।”
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এ কি নিছক বিরোধী দলনেতার রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা, না কি সত্যিই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কোনও বড় অনিয়ম চলছে?