মর্মান্তিক দুর্ঘটনা! স্কুল বাসে ভয়ঙ্কর ধাক্কা ট্রেনের, প্রাণ হারাল ৩ ছাত্র, আহত বহু, (ভিডিও)

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেম্মানকুপ্পা অঞ্চলে মঙ্গলবার সকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি বেসরকারি CBSE স্কুলের ভ্যান রেললাইন পার হওয়ার সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন স্কুলছাত্রের, আহত আরও কয়েকজন।

দুর্ঘটনাটি ঘটে SIPCOT শিল্পাঞ্চলের কাছে অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিং গেট নম্বর ১৭০-তে, যা ছিল একটি নন-ইন্টারলকড গেট। ভিল্লুপুরম-ময়িলাদুথুরাই এক্সপ্রেস ট্রেনটি স্কুল ভ্যানটিকে ধাক্কা মেরে প্রায় ৫০ মিটার দূরে টেনে নিয়ে যায়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় দুই ছাত্রের, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।

ভ্যানে মোট পাঁচজন ছাত্র ও একজন চালক ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন চালক শঙ্কর (৪৭), স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মী অন্নাদুরাই (৫৫), এবং দুই ছাত্র — চেঝিয়ান (১৫) ও বিষ্বেশ্বর (১৬)। সকলকেই দ্রুত কুড্ডালোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ অভিযোগ করেন, গেটকিপার ঘুমিয়ে পড়েছিলেন এবং গেট খোলা অবস্থায় ছিল। যদিও রেল কর্তৃপক্ষের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গেটম্যান তখন গেট বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু চালক গেট অতিক্রমের চেষ্টা করেন। ক্ষুব্ধ জনতা গেটকিপারকে ঘিরে ধরে মারধরও করে। রেল বিভাগ পরে গেটকিপারকে সাময়িক বরখাস্ত করেছে অবহেলার দায়ে।

রেলওয়ে কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে মেডিকেল রিলিফ ভ্যান ও একটি বিশেষ রিলিফ ট্রেন। উপস্থিত হয়েছেন DRM-সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেফটি, অপারেশন ও ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে গঠিত একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহত ছাত্রদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। হালকা আহতদের জন্যও ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিরোধী নেতা এডাপ্পাদি কে. পলানিস্বামী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্ত ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।