আগস্টে ফের ‘রাত দখল’এর ডাক, সঙ্গে ‘কালীঘাট চলো’ অভিযানও, জেনেনিন কবে?

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক গণধর্ষণ ও হত্যার এক বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ অগাস্ট ফের উত্তপ্ত হতে চলেছে বাংলার রাজপথ। এই নারকীয় ঘটনার বিচার চেয়ে ‘অভয়া মঞ্চ’ এবং চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘কালীঘাট চলো’ অভিযানের ডাক দিয়েছে। একইসঙ্গে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘রাত দখল’ কর্মসূচিরও ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
সোমবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে, ৯ অগাস্ট মূলত কলকাতা এবং সংলগ্ন চারটি জেলা থেকে অগণিত মানুষ এই মিছিলে অংশ নেবেন। হাজরা মোড়ে একত্রিত হয়ে সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের দিকে যাত্রা করবে এই প্রতিবাদী জনস্রোত। অভয়া মঞ্চ নিজেদেরকে একটি ‘রাজনৈতিক সংগঠন’ হিসেবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল প্রতিবাদী মানুষকে হাজরা মোড়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। একই দিনে অন্যান্য জেলাতেও দিনভর প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।
৯ অগাস্ট সকালে ‘রাখি বন্ধন’ উৎসব পালনের মাধ্যমেও নিজেদের বার্তা তুলে ধরবে অভয়া মঞ্চ। এরপর ১৪ অগাস্ট, গত বছরের মতোই ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওই দিন রাত ১২টার পর জাতীয় পতাকা উত্তোলন করে বাংলার মানুষকে ‘রাত দখলে’ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চ জোরের সঙ্গে আরজি করের ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে, কারণ মঞ্চের বক্তব্য, গত ১১ মাসে অসংখ্য ‘আরজি কর’-এর মতো ঘটনা ঘটে চলেছে, নির্যাতন ও হত্যা থামার কোনো লক্ষণ নেই। রাজ্য সরকারকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মঞ্চ।
অন্যদিকে, ৯ অগাস্টই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘নবান্ন চলো’ কর্মসূচির ডাক দিয়েছেন। যদিও তিনি এটিকে নাগরিক সমাজের নামে একটি ‘অরাজনৈতিক’ কর্মসূচি বলে দাবি করেছেন, অভয়া মঞ্চ তাদের পৃথক কর্মসূচির ঘোষণা করে স্পষ্ট করে দিয়েছে যে তারা বিজেপি নেতার ডাকে সামিল হবে না। গত বছরও ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে আরজি করের ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তখনও অভয়া মঞ্চ সেই কর্মসূচিতে অংশ নেয়নি।
এছাড়াও, ৯ জুলাই শ্রমিক-কর্মচারীদের আহ্বানে আয়োজিত সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের প্রতিও সমর্থন জানিয়েছে অভয়া মঞ্চ। এই দিনে সংহতি জানিয়ে বিকেল ৪টা থেকে মৌলালি মোড় থেকে রাজাবাজার মোড় পর্যন্ত একটি মিছিল করবে এই মঞ্চ। মিছিল শেষে রাজাবাজার মোড়ে একটি সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হবে।
আরজি করের ঘটনার এক বছর পূর্তিতে আবারও উত্তাল হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। বিচার, নিরাপত্তা এবং জবাবদিহিতার দাবিতে সোচ্চার এই আন্দোলন নতুন করে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।