দায়িত্ব পেয়েই বিরাট পদক্ষেপ নোয়েল টাটার, বদলে যাবে কোম্পানির ভবিষ্যতই?

রতন টাটার প্রয়াণের পরে টাটা সাম্রাজ্যের ভার উঠে এসেছে তাঁর সৎ ভাই নোয়েল টাটার কাঁধে। দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই এই বর্ষীয়ান কর্ণধার এমন এক সিদ্ধান্তের পথে হাঁটছেন, যা টাটা গ্রুপের ভবিষ্যৎ কৌশলে আমূল পরিবর্তন আনতে পারে।
টাটা গ্রুপের অধীনে থাকা ট্রেন্ট লিমিটেড, যা মূলত ওয়েস্টসাইড ও জুডিওর মতো ফ্যাশন ব্র্যান্ডের জন্য পরিচিত, এবার গ্রোসারি বা মুদি খাতে বড়সড় বিনিয়োগ করতে চলেছে। খাদ্যপণ্যের বাজারের ব্যাপ্তি, সম্ভাবনা এবং লাভজনক দিকগুলিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিচ্ছেন নোয়েল টাটা।
সম্প্রতি ট্রেন্টের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন,“পোশাকের বাজারের তুলনায় খাদ্যপণ্যের বাজার অনেক বড়। আমরা বিশ্বাস করি, এই খাতে আমাদের সম্ভাবনা অসীম। অদূর ভবিষ্যতে আমাদের মূল রাজস্বের একটি বড় অংশ এই খাত থেকেই আসবে।”
এই রূপান্তরের রাশ এখন নোয়েল টাটার ছেলে নাভিল টাটার হাতে। তাঁকে ট্রেন্টের বিজনেস হেড হিসেবে নিয়োগ করা হয়েছে। বোঝাই যাচ্ছে, নতুন প্রজন্মের হাত ধরে টাটা এবার আধুনিক রিটেল বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়।
যদিও এই উদ্যোগের পেছনে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। ট্রেন্টের গ্রোসারি উইং ‘স্টার’-এ গত ছয় বছরে প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও, ভবিষ্যতের সম্ভাবনার কথা মাথায় রেখে নোয়েল টাটা সেই ক্ষতি পুষিয়ে এগোতে চাইছেন।
অন্যদিকে, ট্রেন্টের অন্যান্য বিভাগে চিত্র আলাদা।
জুডিও: ২০২৪-২৫ অর্থবর্ষে আয় ৮,৩০০ কোটি টাকা
ওয়েস্টসাইড: আয় ৬,২১০ কোটি টাকা
এই সাফল্যের ছায়াতেই এবার খাদ্য ও মুদি খাতে ঝাঁপাচ্ছে ট্রেন্ট।
বর্তমানে ট্রেন্ট লিমিটেডের মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ২,১৯,৯১৮ কোটি টাকা— যা টাটা গ্রুপের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তালিকার শীর্ষে রয়েছে:
TCS
টাইটান
টাটা মোটরস
এখন দেখার, খাদ্যপণ্যের ব্যবসায় প্রবেশ করে ট্রেন্ট নিজের স্থান আরও ওপরে নিতে পারে কি না।
নোয়েল টাটার নতুন এই উদ্যোগ সফল হলে তা শুধু ট্রেন্ট নয়, গোটা টাটা গ্রুপকেই এক নতুন দিশা দেখাতে পারে। রিটেল দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা যে হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।