OBC আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা! নয়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন

৪ জুলাই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। ২৪ জুন প্রকাশিত ক্যাটেগরি সংক্রান্ত নোটিসের পর এবার অতিরিক্ত কিছু তথ্য সংযুক্ত করা হল দ্বিতীয় এসএলএসটি (SLST) আবেদনকারীদের জন্য। কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের ২৬ জুনের নির্দেশ মেনেই এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নতুন কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
মূল ওবিসি (OBC) শ্রেণির আবেদনকারীরা এবার আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারবেন।অর্থাৎ যাঁরা ২০১০ সালের আগেই ওবিসি শ্রেণিতে ছিলেন, তাঁরাই এই ‘মূল ওবিসি’র আওতায় পড়ছেন।তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, এই প্রক্রিয়ায় আবেদন করা এবং চূড়ান্ত নিয়োগ পুরোপুরি নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর।

কমিশন জানিয়েছে, কলকাতা হাই কোর্টের ২২ মে-র রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা (SLP) করেছে। সেই মামলাগুলি বিচারাধীন। ফলে কমিশনের কোনও সিদ্ধান্ত বা আবেদনকারীর ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশে নির্ভর করবে।

কমিশনের তরফে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে—সরকারি ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত বিজ্ঞপ্তি নিয়মিতভাবে দেখার জন্য।সব শর্ত ও আইনগত প্রেক্ষাপট ভালোভাবে বুঝে তবেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য।

যাঁরা দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় ওবিসি ক্যাটেগরিতে আবেদন করতে ইচ্ছুক, তাঁদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবটাই এখন নির্ভর করছে আদালতের চূড়ান্ত রায়ের উপর। তাই আবেদনের আগে সতর্কতা ও তথ্য যাচাই অত্যাবশ্যক।