বৃষ্টিতে বাইক চালানোর পর যেসব কাজ করা জরুরি, জেনেনিন গুরুত্বপূর্ণ টিপস

এই বর্ষার মরশুমে যখন তখন বৃষ্টি যেন নিত্যসঙ্গী। অনেকেই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে এসে ভেজা বা কাদামাখা অবস্থায় তা ফেলে রাখেন, যা বাইকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বৃষ্টির জল বাইকের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ঢুকে গিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, এমনকি স্থায়ী ক্ষতিও হতে পারে। তাই, বৃষ্টিতে বাইক চালানোর পর কিছু জরুরি কাজ করা অত্যন্ত প্রয়োজন, যা আপনার বাইককে দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত রাখবে।
আসুন জেনে নেওয়া যাক, বৃষ্টির পর আপনার বাইকের যত্নে কী কী কাজ করবেন:
১. চেইন ও চেইনস্প্রকেটের যত্ন:
বৃষ্টির জল চেইনে ঢুকে দ্রুত মরচে ধরাতে পারে। তাই প্রতিবার বৃষ্টিতে বাইক চালানোর পর চেইন ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিন। নিয়মিত চেইন লুব্রিকেটর ব্যবহার করুন। মনে রাখবেন, প্রতি ৫০০-৭০০ কিলোমিটার পর পর চেইন ভালোভাবে পরিষ্কার করে গ্রিজিং করা আবশ্যক।
২. ব্রেক সিস্টেম পরীক্ষা:
বৃষ্টির কারণে ব্রেক প্যাড ও ডিস্ক ভিজে গেলে ব্রেকিং পারফরম্যান্স কমে যেতে পারে। ব্রেক প্যাড ভিজে থাকলে তা শুকিয়ে নিন। নিয়মিত ব্রেক সিস্টেম পরীক্ষা করুন, যেন কোথাও কাদা বা জল জমে না থাকে। ব্রেক ফ্লুইডের মাত্রা ঠিক আছে কি না, সেটাও দেখে নিন।
৩. ইলেকট্রিক সংযোগ ও ব্যাটারির যত্ন:
জল ঢুকে ইলেকট্রিক সংযোগে শর্ট সার্কিট বা ব্যাটারি সমস্যা হতে পারে। বাইকের ইলেকট্রিক কানেকশনগুলো টেপ বা সিলিকন দিয়ে ভালোভাবে সিল করে দিন। ব্যাটারির টার্মিনালে গ্রিজ বা ভ্যাসলিন ব্যবহার করুন, যাতে জল প্রবেশ করতে না পারে। দিনের শেষে ব্যাটারির কানেকশনগুলো পরীক্ষা করা জরুরি।
৪. এয়ার ফিল্টার ও এক্সহস্ট সিস্টেম সুরক্ষা:
বৃষ্টির সময় জল ঢুকে গেলে এয়ার ফিল্টার নষ্ট হতে পারে এবং ইঞ্জিনে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন যাতে এয়ার ইনটেকে জল না ঢোকে। এক্সহস্ট পাইপ ঢেকে রাখুন অথবা বাইক চালানোর পর মাফলারের নিচে জল জমেছে কি না, তা নিয়মিত পরীক্ষা করুন।
৫. টায়ারের অবস্থা ভালো রাখুন:
পিচ্ছিল রাস্তায় ভালো গ্রিপ না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। টায়ারে পর্যাপ্ত ট্রেড (টায়ারের খাঁজ) আছে কি না, তা পরীক্ষা করুন। টায়ারের সঠিক প্রেসার বজায় রাখুন। অতিরিক্ত পুরোনো বা মসৃণ টায়ার হলে অবিলম্বে তা পরিবর্তন করুন।
৬. ওয়াশিং ও ওয়াক্সিং:
বৃষ্টির কাদা ও জল বাইকের রং ও ফিনিশিং নষ্ট করতে পারে। তাই বাইক নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন। বাইকে ওয়াক্সিং করে রাখলে জল কম ধরে এবং মরচে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।
৭. রেইন কভার ব্যবহার:
বাইক পার্ক করার সময় অবশ্যই একটি ভালো মানের রেইন কভার ব্যবহার করুন, যাতে ইলেকট্রনিক বা অন্যান্য সংবেদনশীল অংশ সরাসরি বৃষ্টিতে ভিজে না যায়।
এই সহজ অথচ গুরুত্বপূর্ণ টিপসগুলো মেনে চললে বর্ষার মরসুমেও আপনার প্রিয় বাইকটি থাকবে সুরক্ষিত ও কর্মক্ষম।