“আমি এমন কিছু করিনি”—বাস্তব জীবন নিয়ে যা বললেন অভিনেতা ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি মানেই পর্দায় সাহসী প্রেমের দৃশ্য আর একাধিক চুম্বন দৃশ্য। ‘কিসিং কিং’ নামেই তাঁর পরিচিতি। কিন্তু সিনেমার এই বোল্ড ইমেজ আর বাস্তব জীবনের ইমরান যেন সম্পূর্ণ বিপরীত। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া, প্রেমের গুঞ্জন আর গোপন ডেটিং প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা, সেখানে ইমরানের বিরুদ্ধে কখনোই বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠেনি।

সম্প্রতি একটি পডকাস্টে একজন সাংবাদিক ইমরানকে জানান যে, অনেক নারীই তাঁর মতো স্বামী পেতে চান। এর কারণ ব্যাখ্যা করে সাংবাদিক বলেন যে, বলিউডের বহু অভিনেতার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ থাকলেও, ইমরানের নাম কখনও এই ধরনের আলোচনায় আসেনি।

এই কথা শুনে মৃদু হাসেন ইমরান। অত্যন্ত সংযতভাবে তিনি বলেন, “আপনি এরকম কিছু শোনেননি, কারণ আমি কখনও এমন কিছু করিনি। বিষয়তা এতটাও আশ্চর্যের না; আপনি যতটা অবাক হয়েছেন।”

২০০৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা পারভিন সাহানিকে বিয়ে করেন ইমরান হাশমি। তাঁদের সেই সম্পর্ক আজও অটুট। নিজের স্ত্রীর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা বলতে গিয়ে ইমরান জানান, “পারভিন ছিল আমার পাশে, যখন পকেটে একটাও টাকা ছিল না। ১৮ বছর একসঙ্গে কাটিয়েছি। ও-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।”

ইমরান এও দাবি করেন যে, বাস্তবে তিনি এতটাই লাজুক যে কোনো নারীর সঙ্গে প্রথম আলাপে কথা বলতেও পারেন না। পর্দার সাহসী নায়কের এই অন্য রূপ অনেকেই অবাক করে। বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির আড়ালে ইমরানের মতো একজন অভিনেতার পারিবারিক জীবন যে এতটা স্থিতিশীল এবং ব্যক্তিগত সম্পর্ক যে এতটাই সুরক্ষিত, তা সত্যিই বিরল।