Recipe: গরম ভাতের পাতে থাক ‘খোকা ইলিশের তেল ঝাল’, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশের আনাগোনা। ‘রুপোলি শস্য’ নামে পরিচিত ইলিশ মাছ কেবল স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণেও ভরপুর। পুষ্টিবিদরা বলেন, নিয়মিত ইলিশ মাছ খেলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন উপকার মেলে। তবে বাজারে ইলিশের চড়া দামের কারণে অনেকের পক্ষেই এটি কেনা সম্ভব হয় না। সেক্ষেত্রে ভরসা যোগায় খোকা ইলিশ, যার স্বাদও কিন্তু কোনো অংশে কম নয়! বাঙালির রান্নাঘরে খোকা ইলিশ দিয়েও তৈরি হয় হরেক রকমের পদ, যার মধ্যে অন্যতম জনপ্রিয় হল খোকা ইলিশের তেল ঝাল।

আজ আমরা জানব কীভাবে খুব সহজে বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু পদটি। রান্নার আগে মাছ কীভাবে ম্যারিনেট করলে স্বাদ আরও দুর্দান্ত হবে, তার গোপন টিপসও দেওয়া হলো।

খোকা ইলিশের তেল ঝাল রেসিপি
উপকরণ:

খোকা ইলিশ: পরিমাণমতো

ধনে গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা বাটা: ১-২ চা চামচ (স্বাদমতো)

টক দই: ২ টেবিল চামচ (ফেটানো)

নুন: স্বাদমতো

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

শর্ষের তেল: পরিমাণমতো

লঙ্কা ফোড়ন: ২-৩টি

জিরে ফোড়ন: ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী:

১. মাছ ম্যারিনেট: প্রথমে খোকা ইলিশের টুকরোগুলি ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে মাছের টুকরোগুলোর সঙ্গে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা এবং সামান্য শর্ষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে মাছগুলিকে ভালোভাবে মেখে কমপক্ষে ২০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিন। এই ম্যারিনেশনই আপনার তেল ঝালের স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

২.ফোড়ন ও মাছ ভাজা: একটি কড়াইতে পরিমাণমতো শর্ষের তেল গরম করুন। তেল গরম হলে এতে লঙ্কা ফোড়ন এবং জিরে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি সাবধানে কড়াইতে দিয়ে দিন। এবার কম আঁচে কয়েক মিনিট ধরে মাছগুলো হালকা ভেজে নিন। খেয়াল রাখবেন যেন মাছ বেশি ভাজা না হয়ে যায়।

৩.দই ও ঝোল তৈরি: মাছ হালকা ভাজা হয়ে গেলে ফেটানো টক দই মাছের ওপর দিয়ে দিন এবং আলতো করে নাড়াচাড়া করুন। এরপর অল্প জল, পরিমাণমতো নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ঝোল ফুটতে দিন।

৪.ঘন ঝোল ও পরিবেশন: ঝোল ফুটে ঘন হয়ে এলে এবং মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু খোকা ইলিশের তেল ঝাল! গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

বর্ষার দুপুরে এমন লোভনীয় খোকা ইলিশের তেল ঝাল আপনার ভোজনবিলাসের আনন্দকে আরও বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।