“শেফালীর সফটওয়্যার খারাপ ছিল”-মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাবা রামদেব

বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে আলোচনা থামছেই না। ‘কাটা লাগা’ খ্যাত এই তারকার মৃত্যুর দুদিন আগেও তিনি সম্পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত ছিলেন, এমনকি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মুগ্ধ করেছিল। কিন্তু এরপরই আসে দুঃসংবাদ— শেফালীর অকাল প্রয়াণ। তাঁর এমন আচমকা মৃত্যু কেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। এরপরই তাঁর বয়স ধরে রাখার ওষুধের অনিয়ন্ত্রিত সেবন নিয়ে শুরু হয় নানা জল্পনা। শোনা যায়, চিকিৎসকের পরামর্শ ছাড়াই তিনি বেশ কিছু ওষুধ খেতেন।

এবার এই বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেফালীর মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মানবদেহকে ‘হার্ডওয়্যার’ ও ‘সফটওয়্যার’-এর সঙ্গে তুলনা করেন।

রামদেব বলেন, “তার হার্ডওয়্যার ভালো ছিল। কিন্তু সফটওয়্যার খারাপ ছিল। উপসর্গগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল।”

রামদেবের এই মন্তব্যের পরই শুরু হয় তীব্র বিতর্ক এবং তাঁকে ব্যাপক কটাক্ষের শিকার হতে হয়। অনেকেই তাঁর এই মন্তব্যকে অসংবেদনশীল বলে আখ্যায়িত করেন।

তবে, অনেকের অনুমান, রামদেব সম্ভবত বোঝাতে চেয়েছেন যে বাইরে থেকে শেফালীকে দেখে সুস্থ ও সবল মনে হলেও, ভেতরে ভেতরে হয়তো কোনো গুরুতর অসুস্থতা বাসা বাঁধছিল। তিনি আরও বলেন, “এই ভাসা ভাসা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে। দেখতে কেমন লাগছে আর ভেতর থেকে তিনি কেমন আছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।”

উল্লেখ্য, গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালী জারিওয়ালার। জানা গেছে, মৃত্যুর আগে তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যু বলিউডে শোকের ছায়া ফেলেছে এবং জনমনে স্বাস্থ্যসচেতনতা ও অনিয়ন্ত্রিত ওষুধ সেবনের ঝুঁকি সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছে।