উত্তরসূরি নির্বাচনের পরিকল্পনা ঘোষণা দালাই লামার, সিদ্ধান্তে বাগড়া দিচ্ছে চীন

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা, ১৪তম দালাই লামা তেনজিন গিয়াৎসো বুধবার এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে তাঁর মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন। হিমাচল প্রদেশের ধর্মশালায় আয়োজিত এক ধর্মীয় নেতাদের সমাবেশে প্রচারিত এই ঘোষণা, প্রায় ৬০০ বছরের পুরনো দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা নিয়ে বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ নিরসন করেছে। এই সিদ্ধান্ত তিব্বতিদের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দালাই লামার লাখো সমর্থকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যারা একজন নেতাবিহীন ভবিষ্যতের আশঙ্কা করছিলেন।

৯০তম জন্মদিনের (৬ জুলাই) আগেই আসা এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দালাই লামা, যিনি অহিংসা, সহানুভূতি এবং চীনা শাসনের অধীনে থাকা তিব্বতের সাংস্কৃতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতীক হিসেবে পরিচিত, বহু বছর ধরেই তাঁর পদের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটালেন। তিনি জানান, গত ১৪ বছরে হিমালয় অঞ্চলের বিভিন্ন অংশ, মঙ্গোলিয়া, রাশিয়া এবং চীনে বসবাসরত অনেক বৌদ্ধ ও নির্বাসিত তিব্বতীয় সম্প্রদায় তাঁর কাছে দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বারবার আবেদন করেছেন। তিব্বতের ভেতর থেকেও একই ধরনের অনুরোধ পেয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

ধর্মশালায় প্রচারিত ভিডিও বার্তায় দালাই লামা বলেন, “বৌদ্ধ অনুসারীদের এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি নিশ্চিত করছি, দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে।” তাঁর বার্ধক্যজনিত কারণে তিব্বতীয় নেতৃত্বের ভবিষ্যৎ এবং উত্তরসূরি নির্বাচনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে তার অবসান হলো।

চীনের প্রতিক্রিয়া: ‘স্বর্ণপাত্র’ পদ্ধতির পুনরাবৃত্তি:

দালাই লামার ঘোষণার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, দালাই লামার পুনর্জন্ম “চীনের কেন্দ্রীয় সরকারের অনুমোদনে হতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, দালাই লামা, পানচেন লামা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৌদ্ধ নেতাদের পুনর্জন্ম অষ্টাদশ শতকে ছিং রাজবংশের একজন সম্রাটের প্রবর্তিত “স্বর্ণপাত্র থেকে লটারি পদ্ধতিতে নির্ধারিত হবে এবং তা কেন্দ্রীয় সরকারের অনুমোদনেই হতে হবে।” চীন সরকার যদিও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার কথা বলে, তবে ধর্মীয় সব বিষয় এবং তিব্বতীয় জীবিত বৌদ্ধদের পুনর্জন্ম ব্যবস্থাপনার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে বলেও তারা দাবি করেছে।

গাদেন পোদ্রাং ট্রাস্টের হাতে পূর্ণ কর্তৃত্ব:

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বৌদ্ধ নেতা, যাকে চীন “বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী” নেতা হিসেবে দেখে, নিজেকে সর্বদা “একজন সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী” হিসেবে পরিচয় দেন। ১৯৫০ সালে তিব্বতে চীনা সেনা মোতায়েন এবং ১৯৫৯ সালের বিদ্রোহ দমনের পর থেকে দালাই লামা ও হাজার হাজার তিব্বতি ভারতে নির্বাসনে রয়েছেন। নির্বাসিত তিব্বতীয়দের অনেকেই আশঙ্কা করেন যে চীন নিজস্ব দালাই লামা ঘোষণা করে অঞ্চলটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে।

তবে, দালাই লামা এই আশঙ্কার জবাবে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ১৫তম দালাই লামা নির্ধারণের পূর্ণাঙ্গ দায়িত্ব থাকবে গাদেন পোদ্রাং ট্রাস্টের হাতে, যা দালাই লামার নিজস্ব দপ্তর। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, “আমি আবারও পরিষ্কার করে বলছি, ভবিষ্যতের পুনর্জন্ম স্বীকৃত করার পূর্ণ কর্তৃত্ব কেবল গাদেন পোদ্রাং ট্রাস্টের; অন্য কারও এতে হস্তক্ষেপের কোনও অধিকার নেই।”

নির্বাসিত তিব্বতীয় অধিকারকর্মী চেমি লামো (৩০) দালাই লামার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা তিব্বতীয়দের স্বার্থে কাজ করবে এবং “মানবতার কল্যাণে কাজ করে যাবে।” একই সঙ্গে, এই ঘোষণা বেইজিংকে ভবিষ্যৎ নেতা নির্ধারণে চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে এক সুস্পষ্ট প্রত্যাখ্যানের বার্তাও দিয়েছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, ২০১১ সালে দালাই লামা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ১ লাখ ৩০ হাজার তিব্বতীয় বাসিন্দার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নির্বাসিত সরকারের কাছে তাঁর রাজনৈতিক কর্তৃত্ব হস্তান্তর করেছিলেন। সেই সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন যে তাঁর আধ্যাত্মিক পদটির ভবিষ্যৎ “স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্যে পুনর্জন্ম ব্যবস্থার অপব্যবহারের স্পষ্ট ঝুঁকিতে” রয়েছে। তাঁর এই নতুন ঘোষণা সেই ঝুঁকি মোকাবিলায় এক বলিষ্ঠ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।