বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যজুড়ে বর্ষার দাপট, এসব জেলায় জারি সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, যার প্রভাবে রাজ্যজুড়ে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে শুরু করে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের চিত্র:

আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা বা আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া—এই ছয় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

বুধবার ও বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার: বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা।

উইকেন্ডে (শনি ও রবিবার): বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গের পরিস্থিতি:

আজ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি।

শনিবার: আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

রবিবার: জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

কলকাতার আবহাওয়া:

মহানগরীতে আজ প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশ এবং ১৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সমুদ্রের অবস্থা ও মৎস্যজীবীদের সতর্কতা:

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী সমুদ্র অঞ্চল উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর রাজ্যবাসীকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।