সৌগত রায়ের কথা জড়িয়ে যাচ্ছে, TMC-সাংসদের শারীরিক পরিস্থিতি কী? জানালেন ডাক্তাররা

তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কথাবার্তা এখনো জড়িয়ে যাচ্ছে এবং তিনি আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। এর পাশাপাশি কোমর ও পিঠে তীব্র যন্ত্রণা অনুভব করছেন তিনি। বর্ষীয়ান এই নেতার এমন অবস্থায় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।

চিকিৎসকদের তত্ত্বাবধানে সৌগত রায়কে বর্তমানে রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে এবং ইউরিনারি ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে। ৭৭ বছর বয়সী এই নেতার বিভিন্ন শারীরিক সমস্যার কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা কিছুটা চিন্তাজনক বলে মনে করছেন এবং প্রয়োজনে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হতে পারে বলেও সূত্রের খবর।

অক্ষয়তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগেও, চলতি বছরের ১০ই মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। সেসময় প্রবল ঘাম এবং ক্লান্তিতে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে বের করে আনা হয়। তৃণমূলের অন্যান্য সাংসদরা তাঁকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। যদিও সে যাত্রায় তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি, ইসিজি এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

তবে, এবারের পরিস্থিতি নিয়ে চিকিৎসকেরা বেশি চিন্তিত। বর্ষীয়ান এই রাজনীতিবিদের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর রাজনৈতিক সহকর্মী, অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা। সকলে আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার জনসেবায় ফিরবেন।