তোলাবাজির অভিযোগ! ASI আর এক কনস্টেবলকে হাতেনাতে ধরলেন সিনিয়ররা, অতঃপর….

হাওড়া ব্রিজে পুলিশের পিসিআর ভ্যান ঘিরে ফের তোলাবাজির অভিযোগ উঠল। ঘটনায় জড়িত এক এএসআই ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। চাকরি হারিয়েছেন ওই পিসিআর ভ্যানে থাকা সিভিক ভলান্টিয়ারও। পুলিশের দায়িত্বে থেকে এমন বেআইনি কাজের ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন।

সূত্রের খবর, রাতে পেট্রোলিংয়ে থাকা অন্যান্য পুলিশ আধিকারিকরা নিজের চোখে দেখেন—পিসিআর ভ্যান দাঁড় করিয়ে একাধিক গাড়িচালকের কাছ থেকে টাকা নিচ্ছেন ওই পুলিশ কর্মীরা। এর পরই বিষয়টি রিপোর্ট করা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। দ্রুত তদন্ত শুরু করে পুলিশ, এবং প্রাথমিক ভাবে অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। সিভিক ভলান্টিয়ারকেও বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেখানেও এক ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায়, গাড়ি থামিয়ে পুলিশ কর্মীরা ‘চালককে কিছু বলার’ নাম করে টাকা নিচ্ছেন। ওই ঘটনায়ও কড়া পদক্ষেপ নিয়েছিল লালবাজার।

প্রসঙ্গত, রাস্তায় ডিউটির সময় পুলিশ কর্মীদের কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না—এমন নির্দেশ আগেই দিয়েছিল লালবাজার। এমনকী, একাধিকবার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীও কড়া ভাষায় সতর্ক করেছেন পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের। তবু এই ধরনের ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে।

পুলিশের এক শীর্ষ কর্তা জানান, “কোনওভাবেই এই ধরনের বেআইনি কাজ মেনে নেওয়া হবে না। যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”