ফের ঝলমল করছে রোদ! খুব শীঘ্রই ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টি, দেখুন কোন কোন জেলায়

বুধবার সকালে রোদ্দুরে হাসিখুশি ছিল আকাশ। তবে এই ঝলমলে রোদ বেশিক্ষণ স্থায়ী হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আজ, অর্থাৎ বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকাতেও দু-এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে।
শুধু বুধবারই নয়, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেদিন হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও সক্রিয় মৌসুমি বায়ু। বুধবার কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।