মুম্বই পাড়ি দিয়ে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী মিশমি? বিনোদন মহলে চলছে জোর জল্পনা

টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মিশমি দাস বর্তমানে মুম্বইয়ে নিজের নতুন ইনিংস শুরু করেছেন। আর এই নতুন অধ্যায়ে তার পাশে এক বিশেষ মানুষের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পী সুজন সেনগুপ্তের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে মিশমি তার জীবনে সুজনের গুরুত্ব তুলে ধরেছেন, যা নিয়ে বিনোদন মহলে চলছে জোর জল্পনা।

টলিউডের ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে ‘রোহিনী’ চরিত্রে মিশমির পরিবর্তে এখন সৌমি দে-কে দেখা যাচ্ছে। কারণ, মিশমি পাড়ি জমিয়েছেন মুম্বইয়ে এবং স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ ‘রূপু’ চরিত্রে অভিনয় শুরু করেছেন। যদিও এর আগেও তিনি হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন, তবে এবারের যাত্রা অনেকটাই স্থায়ী এবং পেশাগতভাবে গুরুতর বলে মনে করছেন তিনি। নতুন চ্যানেল, নতুন ভাষা, নতুন শহর এবং নতুন চরিত্র—সব মিলিয়ে এটি মিশমির জন্য এক নতুন এবং সতেজ সূচনা।

এই নতুন শুরুতে মিশমি তার পাশে পেয়েছেন সুজন সেনগুপ্তকে। সুজনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে মিশমি আবেগঘন একটি পোস্টে লিখেছেন, “এমন একটা শহরে এসেছিলাম, যে শহর আমার কাছে একদম নতুন ছিল। রাস্তাঘাট থেকে শুরু করে আকাশটাও কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল। সবকিছু কেমন বদলে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তুমি এলে। ঠিক যেন একটা শান্ত সুরের মতো চারপাশের কোলাহলকে দমিয়ে দিলে।”

মিশমি আরও যোগ করেন, “তুমি ধীরে ধীরে আমার একাকীত্বকে হাসিতে বদলে দিয়েছো। অপরিচিত শহরটাকে নিজের করে নিতে সাহায্য করেছো। এখন শুধু সময়কে উপভোগ করতে শিখেছি। সঠিক সময়, সঠিক পরিস্থিতির অপেক্ষায় শুধু থাকি না, আমি ম্যাজিকে বিশ্বাস করি।”

মিশমির এই পোস্টের পর বিনোদন জগতের অনেক বন্ধু তাকে ভালোবাসা জানিয়েছেন। তবে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এইভাবেই মিশমি তার নতুন প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনলেন? যদিও মিশমি সরাসরি সুজনকে ‘প্রেমিক’ বলে পরিচয় দেননি, তার লেখার ধরণ থেকে স্পষ্ট যে সুজন তার জীবনে এখন ভালো থাকার অন্যতম কারণ এবং মুম্বইয়ে তার নতুন পথচলায় এক গুরুত্বপূর্ণ অবলম্বন। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হয়, তা জানতে উৎসুক তার ভক্তরা।