৭ বছরের ভাগ্নিকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করল মামা, গ্রেফতার অভিযুক্ত

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানা এলাকায় সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই মামার বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনায় গতকাল অভিযুক্তকে গ্রেফতার করেছে কুশমণ্ডি থানার পুলিশ। বুধবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কুশমণ্ডি থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
জানা গেছে, অভিযুক্ত যুবক (২৫) কুশমণ্ডি থানা এলাকারই বাসিন্দা। নাবালিকার মায়ের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার অভিযুক্ত তার ভাগ্নিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে নাবালিকার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপরেই নাবালিকার মা কুশমণ্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর কুশমণ্ডি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।
বর্তমানে নির্যাতিতা নাবালিকা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাবালিকার মা জানান, “আমার মামার ছেলেই আমার মেয়েকে ধর্ষণ করেছে। মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরচ্ছিল। তখনই মেয়ে বিষয়টি বলল।”
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।