ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মোদি! “ঠাসা কর্মসূচির জেরে যাওয়া সম্ভব নয়” জানালেন প্রধানমন্ত্রী

জি৭ শীর্ষ সম্মেলন শেষে কানাডা থেকে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব-নির্ধারিত ঠাসা কর্মসূচির কারণেই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারছেন না বলে ট্রাম্পকে জানিয়েছেন মোদি। এমনটাই বুধবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী।
মিস্রী আরও জানান, জি৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য মোদি যখন কানাডায় ছিলেন, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনে প্রায় ৩৫ মিনিট কথা হয়। এই ফোনালাপে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
কূটনৈতিক মহলে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, আজই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত জানা গেছে, তাদের মধ্যে মধ্যাহ্নভোজও হতে পারে এবং ক্যাবিনেট রুমেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের এই হাই-প্রোফাইল সফরের ঠিক আগেই নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই বার্তালাপ বিভিন্ন জল্পনার জন্ম দিয়েছে।
মোদি কেন এই মুহূর্তে মার্কিন আমন্ত্রণ গ্রহণ করতে পারলেন না, তা নিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। যদিও বিদেশ সচিবের ব্যাখ্যা অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত সময় না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবুও এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে কিনা, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।