ফের কাঠগড়ায় কুশিনগরের হাসপাতাল! মা ও সদ্যজাত শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

উত্তরপ্রদেশের কুশিনগরে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো, যেখানে এক ২৫ বছর বয়সী তরুণী ও তাঁর সদ্যোজাত সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খাদ্দা শহরের বিভ্রান্ত হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডাঃ মহম্মদ সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত শনিবার আসমা খাতুন নামে ওই তরুণী প্রসব যন্ত্রণা নিয়ে বিভ্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিন রাতেই তাঁর সিজার হয় এবং তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, প্রথমে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল যে মা ও শিশু দুজনেই ভালো আছেন। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই হাসপাতালের সুর পাল্টে যায়। তাদের জানানো হয়, মা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। এরপর তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথাও বলা হয়। তবে শেষ রক্ষা হয়নি। রাতেই হাসপাতালেই মারা যান মা ও শিশু দুজনেই।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। তাদের অভিযোগ, মা ও শিশুর মৃত্যুর পর পরই ডাঃ মহম্মদ সৈয়দ নিজের গাড়িতে করে হাসপাতাল ছেড়ে চলে যান। এরপরই মৃতার পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং হাসপাতালের গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ডাঃ মহম্মদ সৈয়দকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।