Recipe: গরমে পেট ঠান্ডা রাখতে খান ‘লাউয়ের মালাইকারি’, শিখেনিন রান্নার দুর্দান্ত পদ্ধতি

ভ্যাপসা গরমে শরীর ঠান্ডা রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার, এ কথা কমবেশি সবাই জানেন। কিন্তু সেই পরিচিত, একঘেয়ে লাউয়ের তরকারি দেখলে অনেকেরই মুখে হাসি ফোটে না। অথচ, ঠাকুমা-দিদিমাদের আমলে এই লাউ দিয়েই কত রকমারি পদ তৈরি হত, যা নিমেষেই পাত সাফ করে দিত! কালের নিয়মে সেসব রেসিপি হয়তো হেঁশেল থেকে হারিয়ে গেছে। তবে চিন্তা নেই! সেই পুরনো রেসিপিগুলোর জাদু ফিরিয়ে আনতে এবার আপনার পাতে আসুক ‘লাউয়ের মালাইকারি’। জেনে নিন এর সহজ প্রণালী আর গরম ভাতে চমক দিন!

উপকরণ:
মাঝারি সাইজের একটি লাউ
পরিমাণমতো সরষের তেল
নারকেল কোড়া (স্বাদমতো)
নারকেলের দুধ (১ কাপ)
গোটা জিরে (১/২ চামচ)
শুকনো লঙ্কা (২-৩টি)
আদাবাটা (১ চামচ)
হলুদ গুঁড়ো (১/২ চামচ)
নুন ও চিনি (আন্দাজমতো)

প্রণালী:
১. প্রথমে লাউ ভালো করে ধুয়ে নিন এবং ডুমো ডুমো করে কেটে রাখুন।
২. একটি কড়াইতে ২-৩ চামচ সরষের তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন।
৩. তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে বুঝতে হবে ফোঁড়ন তৈরি।
৪. এবার কড়াইয়ের মধ্যে আদা বাটা এবং কেটে রাখা লাউ দিয়ে ভালো করে নাড়তে থাকুন।
৫. এরপরে আন্দাজমতো নুন, চিনি ও হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
৬. কিছুক্ষণ পর নারকেলের দুধ দিয়ে আবার ভালো করে নেড়ে নিন। এরপর পরিমাণমতো গরম জল দিয়ে একবার নেড়েচেড়ে কড়াইটি ঢেকে দিন।
৭. ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রান্না করুন। এরপর ঢাকা খুলে এর মধ্যে নারকেল কোড়া ছড়িয়ে দিন।
৮. ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি আপনার সুস্বাদু লাউয়ের মালাইকারি!

গরম গরম ভাতের সঙ্গে এই লাউয়ের মালাইকারি খেতে কিন্তু দারুণ লাগবে। গরমে পেট ঠাণ্ডা রেখে মুখে নতুন স্বাদ আনতে এই পদটি আজই চেখে দেখতে পারেন!