OMG! ৭০ বছর লিভ ইন শেষে বিয়ে, ৯৫ বছরের বর ৯০ বছরের কনে!

প্রেমের কোনো বয়স হয় না, এই প্রবাদটি আরও একবার সত্য প্রমাণ করে জীবনের শেষ প্রান্তে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৯৫ বছর বয়সী বর এবং ৯০ বছর বয়সী কনে। প্রায় সাত দশক ধরে একসঙ্গে জীবন কাটানোর পর, অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি (৯৫) ও জিওয়ালি দেবী (৯০)। তাদের এই ব্যতিক্রমী ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

আশ্চর্যজনক হলেও সত্যি, এই দীর্ঘ ৭০ বছর ধরে তারা ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন, কিন্তু কখনোই কাগজে-কলমে বা সামাজিকভাবে বিবাহ করেননি। এই দম্পতির আটজন সন্তান রয়েছেন, যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি তাদের বহু নাতি-নাতনিরও বিয়ে হয়ে গেছে। অথচ নিজেদের বিয়েটা বাকিই ছিল।

অবশেষে জীবনের শেষ লগ্নে এসে এই বৃদ্ধ-বৃদ্ধা গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন। তাদের এই সিদ্ধান্তে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ওঠেনি, বরং ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবাই সানন্দে সম্মতি দিয়েছেন। সম্প্রতি বর-কনের ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবার আয়োজন করে এক ধুমধামের বিয়ের অনুষ্ঠান। ডিজে আনা হয়, পুরো বাড়ি সাজানো হয় আলোকসজ্জায়। গায়ে হলুদ থেকে শুরু করে সাতপাকে বাঁধা পড়া — সব প্রথাগত অনুষ্ঠানই পালন করা হয় ঘটা করে। এই আনন্দঘন মুহূর্তে গোটা গ্রাম নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত হয়।

নবদম্পতির এক ছেলে, কান্তিলাল খারারি, বলেন, “বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল।”

রামাভাই ও জিওয়ালি দেবীর এই দেরিতে হলেও আনুষ্ঠানিক মিলন প্রমাণ করে যে, ভালোবাসার বন্ধন এতটাই শক্তিশালী যে তা সময়ের সব সীমা অতিক্রম করতে পারে। তাদের গল্প এখন দেশের লাখো মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।