AIR INDIA -দুর্ঘটনায় বাঁচলেন এক যাত্রী, জেনেনিন কীভাবে সম্ভব হল?

আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যখন সকল যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ঘোষণা করেছিলেন পুলিশ কমিশনার, তখনই এক অবিশ্বাস্য কাহিনি সামনে এলো। ইকোনমি ক্লাসের ১১এ সিটে বসে থাকা রমেশ বিশ্বকুমার নামের এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআই-কে ফোনে জানান, “পুলিশ ১১এ সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছে। একজন জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

দিউ থেকে আসা রমেশ বিশ্বকুমার নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, “যখন বিমান ক্র্যাশ করছিল, তখন আমি লাফ দিই। পড়ে ওঠার পর দেখতে পাই, চারিদিকে শুধু দেহ। তারপরই আমাকে কেউ একজন হাসপাতালে ভর্তি করায়।”

এই ঘটনা এমন এক বিপর্যয়ের মধ্যে আশার আলো দেখিয়েছে যেখানে প্রতিটি ক্ষণেই নতুন করে শোকের খবর আসছিল। প্রাথমিক রিপোর্টে পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। কিন্তু রমেশের বেঁচে ফেরা সেই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে।

যদিও এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায়, রমেশ বিশ্বকুমারের বেঁচে যাওয়া এক অপ্রত্যাশিত ব্যতিক্রম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে, এবং এই অলৌকিক ঘটনা নিঃসন্দেহে এই মর্মান্তিক দুর্ঘটনার এক অন্যতম আলোচনার বিষয় হয়ে থাকবে।