মন্দিরের প্রসাদ খেয়ে অসুস্থ ১০৮ জন, ভর্তি করতে হল হাসপাতালে

মন্দিরের প্রসাদ খেয়ে ১০৮ জন ভক্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর কালমাদাই গ্রামে। গত ৬ই জুন থেকে ওই গ্রামের কারুপ্পান্নাসামি মন্দিরে শুরু হয়েছিল ‘কুম্ভাভিষেকম’ উৎসব। সেখানেই ভোগ প্রসাদ খাওয়ার পরই অনেকে অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, প্রসাদ খাওয়ার পর ভক্তদের মধ্যে পেটে ব্যথা, বমি এবং জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দেয়। ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থদের। পরে তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন সুস্থ হয়ে উঠলেও, এখনও অনেকে চিকিৎসাধীন।

অসুস্থ ১০৮ জনের মধ্যে ৫৬ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই মন্দিরের খাবার ও জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে অসুস্থতার সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।