“৫০০-১০০০ টাকায় শাঁখা-সিঁদুর বিসর্জন দেবেন না”-হিন্দুদের উদ্যেশে বার্তা শুভেন্দুর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি হিন্দুদের একজোট হয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। সন্দেশখালির জনসভা থেকে তিনি উত্তরপ্রদেশ ও অসমের প্রসঙ্গ টেনে ‘শাঁখা-সিঁদুর’ রক্ষার বার্তা দেন এবং বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী বলেন, “উত্তরপ্রদেশ, অসম দেখছেন, আমাদের এখানেও দেখতে পাবেন। ৫০০-১০০০ টাকায় শাঁখা-সিঁদুর বিসর্জন দেবেন না। বিজেপি এলে পরের মাস থেকে ৩ হাজার টাকা করে দেব।” তার এই বক্তব্যে হিন্দুত্বের তাস খেলার অভিযোগ উঠেছে। তিনি আরও যোগ করেন, “ভাগ হবেন না, একজোট হোন।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্টতই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে সন্দেশখালির মতো স্পর্শকাতর এলাকায় দাঁড়িয়ে তাঁর এই বার্তা তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সন্দেশখালি নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, যেখানে বিজেপি মহিলাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের মুখ হয়ে উঠেছিল।

বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, রাজনৈতিক মহলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি এখনই নিজেদের হিন্দু ভোটব্যাঙ্ককে মজবুত করতে চাইছে। শুভেন্দুর এই আহ্বান কি রাজ্যের হিন্দু ভোটকে বিজেপির দিকে একত্রিত করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।