গৃহঋণ সহ সব লোনের EMI অনেকটা কমবে? RBI-এর নয়া সিদ্ধান্তে দেখেনিন কী কী সুবিধে?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সম্প্রতি ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে ৫.৫ শতাংশে নামিয়ে এনেছে। এই পদক্ষেপ অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করলেও, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—এর ফলে কি তাঁদের লোনের বোঝা কমবে? মাসিক কিস্তির (EMI) পরিমাণে কি কোনো পরিবর্তন আসবে? আসুন, রেপো রেট এবং আপনার ঋণের সম্পর্কের জটিল সমীকরণটি সহজভাবে বুঝে নেওয়া যাক।

রেপো রেট কী? সহজ ভাষায় ব্যাখ্যা
প্রথমেই জেনে নেওয়া যাক, রেপো রেট আসলে কী। এটি হলো সেই সুদের হার, যার ভিত্তিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়। অর্থাৎ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি (HDFC), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর মতো বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যখন নিজেদের স্বল্প মেয়াদের জন্য টাকার প্রয়োজন হয়, তখন তারা রিজার্ভ ব্যাঙ্কের কাছে সরকারি সিকিউরিটি জমা রেখে এই নির্দিষ্ট হারে ঋণ নেয়। REPO-র পুরো অর্থ হল ‘রিপারচেজিং অপশন রেট’।

রেপো রেট ও সুদের হারের সম্পর্ক: সরাসরি প্রভাব
রেপো রেটের সঙ্গে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সুদের হারের সম্পর্ক সরাসরি এবং বিপরীতমুখী:

রেপো রেট বাড়লে: ব্যাঙ্কের ঋণ নেওয়ার খরচ বাড়ে। অর্থাৎ, সুদবাবদ তাদের বেশি টাকা দিতে হয়। এই বাড়তি খরচ সামলাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও পাল্টা গ্রাহকদের যে লোন দেয়, তাতে সুদের হার বাড়ায়।
রেপো রেট কমলে: ঠিক উল্টোটা ঘটে। ব্যাঙ্কের সুদবাবদ খরচ কমে। ফলে তারা গ্রাহকদের লোনের ইন্টারেস্ট কিছুটা কমায়। বলাই বাহুল্য, এতে গ্রাহকদের লাভ হয়।

রেপো রেট কমলে কি আপনার EMI-ও কমবে?
এবার আসা যাক সেই লাখ টাকার প্রশ্নে। রেপো রেট কমা মানে ব্যাঙ্কের লোনে সুদের হার কমবে—কিন্তু যাঁরা আগেই লোন নিয়ে রেখেছেন এবং মাসে মাসে EMI দিচ্ছেন, তাঁদের কি কোনো লাভ হবে?

এক্ষেত্রে আপনার লোনের ধরনটি গুরুত্বপূর্ণ:

যদি আপনার লোন ‘ফ্লোটিং ইন্টারেস্ট’ রেটে নেওয়া থাকে: সেক্ষেত্রে অবশ্যই আপনার EMI কমবে! সাধারণত, গৃহঋণের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এই ফ্লোটিং ইন্টারেস্টের অপশন থাকে। অনেকক্ষেত্রে ব্যাঙ্ক আপনার মাসিক EMI এক রেখেই লোনের মেয়াদ কমিয়ে দেয়। অর্থাৎ, এই রেট চলতে থাকলে আপনি সময়ের অনেক মাস আগেই লোন মিটিয়ে দিতে পারবেন। তবে এই ধরনের ঋণের ক্ষেত্রে সমস্যা একটাই: রেপো রেট বাড়লে, ব্যাঙ্কও ইন্টারেস্ট রেট বাড়াবে এবং সেক্ষেত্রে
ফের আপনার EMI বেড়ে যেতে পারে।

যদি আপনার লোন ‘ফিক্সড রেটে’ নেওয়া থাকে: এক্ষেত্রে রেপো রেট কমা বা বাড়ার কোনো প্রভাব আপনার উপর পড়বে না। লোন স্যাংশন হওয়ার সময়ে যে ইন্টারেস্ট রেট ছিল, সেটাই আপনার সম্পূর্ণ মেয়াদকালে চালু থাকবে। তাই এক্ষেত্রে আপনার EMI-এর কোনো পরিবর্তন হবে না।
অর্থাৎ, এই রেপো রেট কমার সুবিধা পেতে গেলে আপনার ঋণটি ‘ফ্লোটিং ইন্টারেস্ট’ ভিত্তিক হতে হবে। এই পদক্ষেপ নিঃসন্দেহে দেশের অর্থনীতিতে ঋণ প্রবাহ বাড়াতে এবং চাহিদা তৈরি করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।