“গালিগালাজ করল, এরপর বুকে মেরেছে, হাতে মেরেছে”, ডাকঘর মোড়ে ভয়ঙ্কর ঘটনা জানালেন ট্রাফিক পুলিশ

যখন পুলিশকে গালিগালাজ করার অভিযোগে অনুব্রত মণ্ডলকে নিয়ে বাংলা তোলপাড়, ঠিক তখনই মহেশতলার ডাকঘর মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক অফিসারকে মারধর ও ট্রাফিকের কিয়স্ক ভাঙচুরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাত আটটা নাগাদ ব্যস্ততম এই মোড়ে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সময় গৌড় সর্দার নামে এক ট্রাফিক পুলিশ ডাকঘর মোড়ে নিজের ডিউটি করছিলেন। তিনি জানান, রাত আটটা নাগাদ তিনি দেখেন এক ব্যক্তি হঠাৎ একটি অটোতে দৌড়ে উঠতে গিয়ে চালককে গালিগালাজ করছেন। এতেই তার সন্দেহ হয়। গৌড় সর্দার এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে দৌড়ে অটোতে ওঠার কারণ জিজ্ঞাসা করেন।

অভিযোগ উঠেছে, সেই সময় অভিযুক্ত ব্যক্তি ট্রাফিক অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এরপর হঠাৎই কর্মরত অফিসারকে মারধর করতে থাকেন এবং ট্রাফিকের কিয়স্ক ভাঙচুর করেন।

পুলিশের তৎপরতা ও অভিযুক্ত গ্রেপ্তার
খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। মহেশতলা থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আক্রান্ত ট্রাফিক অফিসার গৌড় সর্দার বলেন, “আমি ডাকঘর মোড়ে ডিউটি করছিলাম। তখন দেখি ঝামেলা হচ্ছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে? সঙ্গে সঙ্গে গালিগালাজ করল আমায়। এরপর বুকে মেরেছে, হাতে মেরেছে। তবে জোরে লাগেনি কারণ সরে গিয়েছিলাম আমি। হালকা লেগেছে। কিন্তু আমার গায়ে হাত তুলেছে।”