আম পাড়তে গিয়ে বচসা, নাবালিকাকে গণধর্ষণ করে খুন ৫ যুবক!

আম পাড়তে গিয়ে বচসায় জড়িয়ে ১১ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে ৫ যুবকের বিরুদ্ধে। এরপর তদন্তকারীদের বিভ্রান্ত করতে দেহটি একটি নির্মীয়মাণ বাড়ির সামনে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। বিহারের সীতামঢ়ী জেলায় ঘটেছে এই হাড়হিম করা ঘটনা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

সীতামঢ়ীর এসপি অমিত রঞ্জন জানান, গত ৩১ মে থেকে নাবালিকাটি নিখোঁজ ছিল। তদন্ত শুরুর পর নানপুর থানা এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির সামনে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নাবালিকার দেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

এসপি অমিত রঞ্জন বলেন, “অভিযুক্ত সত্যম কুমার, হর্ষবর্ধন কুমার, রবি কুমার এবং অজিত কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে বাগানে আম পাড়া নিয়ে অভিযুক্তদের সঙ্গে মৃত নাবালিকার বচসা হয়েছিল। এরপর তাকে গণধর্ষণ করে খুন করা হয়। অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তল্লাশির সময় তদন্তকারী দল বেশ কয়েকটি আম পড়ে থাকতে দেখেন। এমনকি, ঘাসের উপর ভারী বস্তু টেনে নিয়ে যাওয়ার মতো চিহ্নও তাঁদের নজরে পড়ে। সেই চিহ্ন দেখে নিকটবর্তী একটি আমের বাগানে পৌঁছয় পুলিশের দল। বাগানের মালিকের সঙ্গে কথা বললে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন।

পুলিশি জেরায় বাগান মালিকের ছেলে জানান, এই ঘটনার সঙ্গে ৫ যুবক জড়িত রয়েছে। তিনি জানান, নাবালিকাটি যখন আম পাড়ছিল, তখন অভিযুক্ত ৫ যুবকের সঙ্গে তার বচসা হয়। এরপর তারা নাবালিকাকে মারধর করে এবং তারপর তাকে বাগানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। এই তথ্য পাওয়ার পর পুলিশ ৫ যুবককে গ্রেপ্তার করে। জেরায় ধৃতরা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।