জম্মু-কাশ্মীর জুড়ে এনআইএ-র ব্যাপক তল্লাশি অভিযান! নিশানায় জঙ্গি-যোগের সন্দেহভাজনরা

জম্মু ও কাশ্মীরের অন্তত ৩২টি স্থানে আজ ভোর সাড়ে ছ’টা থেকে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। যৌথবাহিনীর সঙ্গে এনআইএ-র এই অভিযান দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, কুলগাম এবং উত্তর কাশ্মীরের সোপোর, কুপওয়ারা-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জোরদারভাবে চলছে।

সেনা সূত্রে খবর, এই তল্লাশি অভিযানের মূল উদ্দেশ্য হলো জঙ্গি-যোগের সন্দেহভাজনদের খুঁজে বের করা। এর মধ্যে কিছু সন্দেহভাজন ওভার-গ্রাউন্ড ওয়ার্কার (OGW)-এর ঠিকানাও রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।

এর আগে গত সোমবারই জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী একটি পৃথক তল্লাশি অভিযান শুরু করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাওয়ার পর এই অভিযান শুরু হয়। গত মঙ্গলবারও স্থানীয়দের কাছ থেকে একই ধরনের খবর পেয়ে কাঠুয়ার পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। স্থানীয়রা জানিয়েছিলেন, তারা ওই এলাকায় সন্দেহজনক কিছু লোককে ঘোরাঘুরি করতে দেখেছেন।

জম্মু ও কাশ্মীর থেকে জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে এনআইএ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর এই ধারাবাহিক অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।