হরিয়ানার ছায়া বাংলায়! ময়নাগুড়িতে যুবককে খুন করে মাটিচাপা, ত্রিকোণ প্রেম কারণ? তদন্তে নেমেছে পুলিশ

হরিয়ানায় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে মাটি চাপা দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলার বুকেও ফিরে এলো একইরকম নৃশংসতার ছবি। ময়নাগুড়িতে এক যুবককে খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটি কোনও প্রেমঘটিত কারণে ঘটেছে কিনা, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
ময়নাগুড়ির যে স্থানে অভিযুক্ত খুন করে দেহ মাটিতে পুঁতে রেখেছিল, সেখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। এরপর মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মৃতদেহটি। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতদেহটি ৩০ বছর বয়সী গৌতম রায় নামে এক যুবকের। তবে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, মৃতদেহটি এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি নিজেদের মধ্যেকার কোনো বিবাদের জেরে ঘটেছে। নিহত এবং অভিযুক্ত দু’জনেই আসামে কাঠমিস্ত্রির কাজ করত। গত পাঁচদিন আগে তারা বাড়িতে ফিরে আসে, এবং সেই সূত্রেই অভিযুক্ত পরিমলের বাড়িতে গৌতমের যাতায়াত ছিল। মৃতদেহ উদ্ধারের পর থেকে নিহত গৌতমের পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ মৃতদেহটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং একই সাথে ত্রিকোণ প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, সেই সম্ভাবনাটিও খতিয়ে দেখছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে।