RCB-র বিজয় উত্‍সব ঘিরে ‘হাহাকার’, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) জয়ের অসাধারণ উদযাপন আজ এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জন নিহত এবং বহু আহত হয়েছেন। আরসিবি ক্রিকেটারদের সংবর্ধনা দিতে কর্নাটক ক্রিকেট সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই জনসমুদ্র উপচে পড়েছিল, যা শেষ পর্যন্ত এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে বিরাট সংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন। আরসিবি-র ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস এতটাই বেশি ছিল যে, হাজার হাজার ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। এই বিপুল ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই রয়েছেন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর গোটা বেঙ্গালুরু কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শহরের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছে যান এবং আহতদের চিকিৎসার তদারকি করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার আজতককে জানান, “ঠিক কতজন মারা গিয়েছেন তা এখনই বলতে পারছি না। আমি এখনই যাচ্ছি চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রায় পাঁচ হাজার আবেগপ্রবণ সমর্থক এদিন স্টেডিয়ামে গিয়েছিলেন।”

প্রাথমিক তদন্তে আয়োজকদের অবহেলা এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ উঠছে। পুলিশ প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। এই মর্মান্তিক ঘটনা আরসিবি-র জয়ের আনন্দকে শোকের আবহে ঢেকে দিয়েছে। ভক্তরা এই দুঃখজনক ঘটনায় স্তব্ধ এবং শোকাচ্ছন্ন।