বিতর্কের নতুন অধ্যায়! কবীর সুমনের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ

বিতর্কের আর এক নাম কবীর সুমন। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক মতামত, সবকিছুই যেন বিতর্কের জন্ম দেয়। অসংখ্য বিস্ফোরক মন্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আগেও বহুবার জলঘোলা হয়েছে। এবার আরও এক গুরুতর অভিযোগ উঠল প্রবীণ এই গায়কের বিরুদ্ধে: হিন্দু নারীদের প্রতি অপমানজনক মন্তব্য এবং ধর্ষণের হুমকির অভিযোগ! জানা যাচ্ছে, লালবাজার এই অভিযোগ গ্রহণ করেছে।
কবীর সুমনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
হিন্দু নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি কবীর সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর বক্তব্য, কবীর সুমনের প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে। ২০১৭-১৮ সালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল, “হা গা… গায়ে গন্ধ বোকা, হিন্দু”। এই পোস্টের বিরুদ্ধে, বিশেষ করে নারীদের প্রতি অসম্মানের অভিযোগে, খড়দহ থানায় অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি। উল্টো তাঁদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন।
‘বাঙালির মাকে ধর্ষণ করি’: পুরনো বিতর্কের পুনরাবৃত্তি
অভিযোগকারী জয়জিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, “যে কেউ যতই বড় হোক না কেন, ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করার অধিকার জন্মায় না। কিন্তু কবীর সুমন তা ইচ্ছাকৃতভাবে করেছিলেন।” তিনি আরও উল্লেখ করেন যে, সুমন তাঁর বিতর্কিত পোস্টটি ডিলিটও করেননি।
শুধু তাই নয়, অভিযোগপত্রে আরও একটি পুরনো ঘটনার উল্লেখ করা হয়েছে। বছর তিনেক আগে এক সাংবাদিককে ফোনে কবীর সুমন নাকি বলেছিলেন, “বাঙালির মাকে ধর্ষণ করি”। অভিযোগকারীর দাবি, সেই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি।
যদিও এই বিষয়ে কবীর সুমন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি নাকি এই অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কোন দিকে মোড় নেয় এবং কবীর সুমনের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।