বাঙালি মতে জয়াকে বিয়ে, সব রীতিনীতি মানতে রাজি হলেও এই নিয়ম মানেননি অমিতাভ জানেন?

বলিউডের অন্যতম জনপ্রিয় ও স্থিতিশীল জুটি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। বাঙালি অভিনেত্রী জয়াকে ভালোবেসে বিয়ে করেছিলেন অমিতাভ। তাদের প্রেম কাহিনি শুরু হয়েছিল শুটিং সেটেই, আর জয়ার বিশ্বাস ছিল, অমিতাভ একদিন অনেক বড় অভিনেতা হবেন। সেই বিশ্বাস বাস্তবেও পরিণত হয়েছে। তবে, জয়া বচ্চনের হাত ছাড়ার কথা অমিতাভ কখনো ভাবেননি। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়্যালিটি শো-এর নবরাত্রি বিশেষ পর্বে অমিতাভ বচ্চন নিজেই তাদের বিয়ের এক মজার স্মৃতিচারণ করেছেন, যেখানে উঠে এসেছে তার টোপর না পরার গল্প!
একবার অমিতাভ ও জয়া একটি ছবির সাফল্য সেলিব্রেট করতে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু অমিতাভ বচ্চনের পরিবার এ বিষয়ে ভীষণ কঠোর ছিল। তার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, একমাত্র বিয়ের পরেই এটা সম্ভব। এর পর পরই তারা তড়িঘড়ি বিয়ে করার সিদ্ধান্ত নেন। ঠিক হয়, বাঙালি মতে সাতপাকে বাঁধা পড়বেন অমিতাভ বচ্চন ও জয়া।
বিয়ের আসরে এসে অমিতাভ বচ্চন এক মজার সমস্যায় পড়েন। সমস্ত রীতিনীতি মানতে রাজি থাকলেও, তিনি সাফ জানিয়ে দেন যে বিয়ের টোপর পরবেন না। জয়ার বাড়ির প্রতিটি সদস্যকে তিনি অনুরোধ করেছিলেন এবং ক্ষমা চেয়ে বলেছিলেন, “এই টোপরটা শুধু আমাকে পরাবেন না।”
কেবিসি-র নতুন প্রোমোতে অমিতাভ বচ্চন বলেন, এই টুপিটার (টোপর) সঙ্গে বিয়ের কী সংযোগ, তা তিনি বুঝতে পারেন না, তবে এটি মোটেও তার পরতে ইচ্ছা করছিল না। আর তাই টোপর ছাড়াই তিনি বাংলার জামাই হয়েছিলেন।
সেই থেকেই বাংলার সঙ্গে অমিতাভ বচ্চনের এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে, যে কথা তিনি একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন। জয়া এবং অমিতাভ বচ্চন চুটিয়ে সংসার করেছেন, এবং তাদের সম্পর্ক আজও অটুট। বলিউডের অন্যতম অভিভাবক এই জুটি আজও অধিকাংশ সময় একসঙ্গে থাকা পছন্দ করেন, যা তাদের ভক্তদের কাছে এক অনুপ্রেরণা।