ফের মেট্রোর লাইনে ঝাঁপ! মহিলার কান্ড দেখে কিছুক্ষণের জন্য বিঘ্নিত পরিষেবা

বুধবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের এক মর্মান্তিক ঘটনা ঘটল। মাস্টারদা সূর্য সেন স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। এই ঘটনায় ব্যস্ত সময়ে কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়, যদিও আংশিকভাবে পরিষেবা চালু রাখা হয়েছিল।

এদিন সকাল ৮টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। আপ লাইনে প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার সময় ওই মহিলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। তৎক্ষণাৎ মেট্রোর মোটর ম্যান ব্রেক কষেন, যার ফলে এক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই আকস্মিক ঘটনায় মেট্রোর ভিতরে এবং প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন স্টেশন মাস্টার-সহ মেট্রোর কর্মী এবং ইঞ্জিনিয়াররা। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু হয়। সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ মহিলাটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। কেনই বা তিনি এই চরম পদক্ষেপ করলেন, সেই বিষয়েও কিছু জানা যায়নি।

মেট্রো সূত্রে খবর, পাওয়ার ব্লকের সময় অর্থাৎ ৮টা ২১ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর আপ এবং ডাউন লাইনে পরিষেবা চালানো হয়। এরপর ৮টা ৫৫ মিনিট থেকে ফের পরিষেবা স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি রবীন্দ্র সদন স্টেশনেও এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার জেরেও বেশ কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। বারবার এমন ঘটনা ঘটছে, যা মেট্রো কর্তৃপক্ষের জন্য এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে।